সিভিক অ্যাওয়ার্ড পেয়েছেন বাংলাদেশি এমি
প্রকাশ : ০৬ এপ্রিল ২০১৪, ১৯:৪৬
বাংলাদেশি নারী সাংবাদিক শাহ এমি হোসেন ব্রিটেনে বাংলা সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় সিভিক অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছেন। ব্রিটেনে বিভিন্ন পেশার মাধ্যমে যারা সমাজসেবামূলক কাজ করেন তাদেরকে উত্সাহিত করতে সিভিক অ্যাওয়ার্ডে সম্মানিত করা হয়। টাওয়ার হ্যামলেটস বারাও সিভিক অ্যাওয়ার্ড প্রদান করে। টাওয়ার হ্যামলেটস বারা এ বছর বিভিন্ন ক্যাটাগরিতে সিভিক অ্যাওয়ার্ড প্রদান করেছে। সম্প্রতি টাওয়ার হ্যামলেট বারার ব্রমলি পাবলিক টাউন হলে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়। টাওয়ার হ্যামলেটস কাউন্সিলার স্পিকার লেসলি পাভিট ও কমান্ডার জন লাড গেট যৌথভাবে শাহ এমি হোসেনের হাতে এ পুরস্কার তুলে দেন। নারী সাংবাদিক শাহ এমি হোসেন টাওয়ার হ্যামলেটস বারায় দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করছেন।