ডিএসইতে বিদেশি বিনিয়োগ কমেছে

চলতি বছরের ফেব্রুয়ারি মাসের তুলনায় মার্চ মাসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৈদেশিক লেনদেন কমেছে। ফেব্রুয়ারির তুলনায় মার্চে বিদেশি বিনিয়োগকারীরা ২১৯ কোটি ৪৭ লাখ ৭১ হাজার টাকা কম লেনদেন করেছেন। ডিএসই সূত্রে জানা গেছে, ফেব্রুয়ারি মাসে বিদেশি বিনিয়োগকারীরা ৫৩৩ কোটি ৬ লাখ ৪ হাজার টাকা লেনদেন করেন। আর মার্চে লেনদেন করেন ৩১৩ কোটি ৫৮ লাখ ৩৩ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। ফেব্রুয়ারি শেষে ডিএসইতে বিদেশি বিনিয়োগকারীদের মোট বিনিয়োগ দাঁড়ায় ১২১ কোটি ৪ লাখ ৫৪ হাজার টাকা। আর মার্চ শেষে বিনিয়োগ দাঁড়ায় ৯৬ কোটি ৯৬ লাখ ৩৭ হাজার টাকা। ডিএসই সূত্রে জানা গেছে, গতকাল ডিএসইতে সূচক কমেছে। মুনাফা তুলে নেয়ার প্রবণতার কারণেই সূচক কমেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আইডিএলসি’র দৈনন্দিন বাজার বিশ্লেষণে বলা হয়েছে, এদিন বাজারে লেনদেন কিছুটা কমলেও লেনদেন হয়েছে বড় মূলধনী কোম্পানি ঘিরে। পাঁচ কোম্পানি ঘিরেই লেনদেন হয়েছে বাজারের মোট লেনদেনের প্রায় ৩৯ ভাগ। জানা গেছে, অ্যালায়েন্স এসএন্ডপি শরীয়াহ ইনডেক্স ফান্ডের সাবস্ক্রিপশনের মেয়াদ ২০ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। ২০ তারিখ পর্যন্ত অভিহিত মূল্যে এ ফান্ডের ইউনিট ক্রয় করা যাবে। এরপর নেট অ্যাসেটের ভিত্তিতে নির্ধারিত মূল্যে ক্রয় করতে হবে এই ফান্ডের ইউনিট। ফান্ডটির শরীয়াহ ইনডেক্স ক্যালকুলেশন এবং ব্যবস্থাপনা করছে স্ট্যান্ডার্ড এন্ড পুওর’স ইনডিসেস। এ ফান্ড একটি ওপেন এন্ডেড ফান্ড যেটি কোন স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হবে না। অ্যাসেট ম্যানেজার এবং সারাদেশে এর সেলস এজেন্টদের মাধ্যমে এটি ক্রয়-বিক্রয় এবং হস্তান্তর করা যাবে। এই ফান্ডের পৃষ্ঠপোষক ও সম্পদ ব্যবস্থাপক অ্যালায়েন্স ক্যাপিটাল। এ ফান্ডের ট্রাস্টি বিজিআইসি এবং কাস্টোডিয়ান হিসেবে রয়েছে ব্র্যাক ব্যাংক।