সংকটমুক্ত নায়ক রাজ
প্রকাশ : ০৬ এপ্রিল ২০১৪, ২০:২৫
নায়ক রাজ রাজ্জাকের শারীরিক অবস্থার এখন সংকটমুক্ত। গতকাল তাকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে বেশ কিছুদিন তাকে স্কয়ার হাসপাতালে চিকিত্সাধীন থাকতে হলো। চলচ্চিত্রের এই কিংবদন্তির শারীরিক অসুস্থতার কারণে তার কাছের মানুষ, সর্বোপরি চলচ্চিত্রের মানুষেরা হাসপাতালে আসতে শুরু করেন।
নায়ক রাজের দুই ছেলে বাপ্পারাজ ও সম্রাট সারাক্ষণ বাবার সেবাশুশ্রূষাতেই ব্যস্ত ছিলেন। বাবার অবস্থা জানতে চাইলে নায়ক রাজপুত্র অভিনেতা সম্রাট বলেন, ‘আল্লাহর রহমতে বাবার অবস্থা এখন অনেক ভালো। তাকে কেবিনে নেওয়া হয়েছে। ডাক্তার বলেছেন দু-একদিনের ভেতরে আমরা তাকে বাড়িতে নিয়ে যেতে পারব। আসলে বাবার এমনিতে অ্যাজমাজনিত একটা সমস্যা ছিল। এবং সেই শ্বাসকষ্ট থেকেই এই অসুস্থতা।’
এদিকে গতকাল একটি অনলাইন দৈনিক নায়ক রাজের অসুস্থতার খবর প্রকাশ করতে গিয়ে নায়ক রাজ তার স্মৃতিশক্তি হারিয়েছেন এমন খবর ছাপা হয়। এ প্রসঙ্গে সম্রাট বলেন, ‘খবরটির কোনো ভিত্তি নেই। আমিও পরে জেনেছি। তারা আমাদের বরাত দিয়ে এই ভুল তথ্যটি দেয়। পরে আমরা প্রতিবাদ জানালে এক ঘণ্টার ভেতর খবরটি তাদের অন লাইন পোর্টাল থেকে মুছে ফেলে।’