চট্টগ্রামে সড়কবাতির সুইচ অন অফ কাজে নিয়োজিতদের সম্মানি ভাতা প্রদান

চট্টগ্রাম অফিস

চট্টগ্রাম মহানগরীর সড়কবাতির সুইচ অন অফ কাজে নিয়োজিত ইমাম, মোয়াজ্জিন ও পুরোহিতদের বাত্সরিক সম্মানি ভাতা বিতরণ করলেন সিটি মেয়র আ. জ. ম. নাছির উদ্দীন। গতকাল বৃহস্পতিবার সকালে থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সিটি মেয়র এই সম্মানির টাকা তাদের হাতে তুলে দেন। সম্মানি ভাতা বাবদ গতকাল ১ম দফায় ৮৪৭ জনকে ২৫০০ টাকা করে সর্বমোট ২১ লক্ষ ১৭ হাজার ৫০০ টাকা সম্মানি ভাতা প্রদান করা হয়।

নগরীর ৪১টি ওয়ার্ডে মোট বাতির সংখ্যা ৫১ হাজার ৫৭৩টি। প্রতিদিন এই ১৫৩৪ জন ব্যক্তি ১৫৩৪টি সুইচিং পয়েন্ট থেকে সন্ধ্যায় বাতি সুইচ অন এবং ভোর বেলা ফজরের নামাজের পর বাতির সুইচ অফ করেন। এই সব সুইচিং পয়েন্টের নিকটস্থ মসজিদের ইমাম, মোয়াজ্জিন, মন্দির ও গির্জার পুরোহিতদের মাধ্যমে একটি সুপরিকল্পিত উপায়ে নগরীর সকল সড়ক বাতির সুইচ অন অফ করা হয়। এর ফলে জনবল ও বিদ্যুত্ সাশ্রয় বাবদ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বছরে ২ কোটি ২৭ লক্ষ ৮৪ হাজার ৬শ’ ৭৫ টাকা সাশ্রয় হচ্ছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সচিব মোহাম্মদ আবু শাহেদ চৌধুরী।