তালেবানের তর্জন গর্জনই সার!
প্রকাশ : ০৬ এপ্রিল ২০১৪, ২০:৩৫
আফগানিস্তানের নির্বাচন বয়কটের ডাক দিয়েছিল তালেবান। তাদের মতে, এটা যুক্তরাষ্ট্রের দাসত্বের নির্বাচন। আফগানিস্তানে প্রেসিডেন্ট শাসন তারা মানে না। তাদের লড়াইয়ের লক্ষ্য তালেবান শাসন। তাই বেশ কিছুদিন ধরে হুমকি দিয়ে আসছিল, যেকোনভাবে এই নির্বাচন পণ্ড করে দিবে তারা। জনগণকে হুঁশিয়ারি দিয়ে বলেছিল, ভোটের দিন ঘরে বসে থাকতে। নইলে মৃত্যু পরোয়ানা যেন সাথে নিয়ে যায়।
কিন্তু আফগানরা ঘরে বসে থাকেনি। এমনকি নারী ভোটাররাও তাদের সন্তানকে কোলে নিয়ে ভোট উত্সবে সামিল হয়েছে দলে দলে। ব্যাপক নিরাপত্তা ব্যবস্থার মধ্যে তালেবান কিছুই করতে পারেনি। কিছু বিচ্ছিন্ন ঘটনা বাদ দিলে শনিবার আফগানিস্তানের প্রেসিডেন্ট নির্বাচন নির্বিঘ্নে শেষ হয়েছে। দক্ষিণে কালাত শহরের এক ভোটকেন্দ্র থেকে ফেরার সময় বোমা বিস্ফোরণে দুই পুলিশকর্মী নিহত এবং দু’জন আহত হয়েছেন। লোগার প্রদেশে এক ভোটকেন্দ্রে বোমা বিস্ফোরণে চারজন আহত হয়েছেন। তালেবানের হুমকি উপেক্ষা করে বহু মানুষ দলে দলে ভোট দিয়েছেন। কাবুলে বৃষ্টি হওয়া সত্ত্বেও হাজি রামজান ভোটারদের লাইনে দাঁড়িয়ে বললেন, ‘ভোট দেওয়া থেকে কেউ আমায় রুখতে পারবে না। এটা আমার গণতান্ত্রিক অধিকার। এক কোটি ২০ লাখ ভোটারের সুরক্ষার জন্য সাড়ে তিন লাখ নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়। তালেবানের বিরুদ্ধে এই প্রাথমিক বিজয়কে আফগান ভোটাররা খাটো করে দেখছেন না।