নাঙ্গলকোট-লাকসাম চিওড়া সড়কের বেহাল দশা
নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা
প্রকাশ : ০৬ এপ্রিল ২০১৪, ২০:৫১
কুমিল্লার নাঙ্গলকোটের গুরুত্বপূর্ণ নাঙ্গলকোট-লাকসাম ও নাঙ্গলকোট-চিওড়া (বিশ্বরোড সংযোগ) সড়কের বেহাল দশায় জনসাধারণকে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সড়কটি একদিকে জেলা সদরের সাথে উপজেলার প্রধান সড়ক অপরদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সংযোগ সড়ক হিসাবে জনসাধারণের জন্য খুবই গুরুত্ব বহন করে। সড়ক ও জনপথ বিভাগের ৩২ কিলোমিটার দীর্ঘ সড়কটি লাকসাম থেকে নাঙ্গলকোট হয়ে চৌদ্দগ্রামের ঢাকা-চট্টগ্রাম বিশ্বরোডের চিওড়া পর্যন্ত সড়কটির বিভিন্ন স্থানে অসংখ্য ছোট-বড় গর্তের সৃষ্টি হওয়ায় এলাকাবাসীকে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। প্রতিদিন এ সড়ক দিয়ে অসংখ্য হালকা ও ভারী যান চলাচল করে। সড়কটি দিয়ে যানবাহন চলে হেলে-দুলে ঝুঁকিপূর্ণভাবে। বিশেষ করে লাকসাম থেকে ধামৈচা রেলগেট হয়ে উত্তরকুল এবং মক্রবপুর স্টিলব্রিজ থেকে নাঙ্গলকোট পর্যন্ত সড়কটি পার্শ্ববর্তী খালে ভেঙ্গে পড়ায় যান চলাচল ঝুঁকিপূর্ণ। সড়ক ও জনপথ বিভাগের লাকসাম এস ও (সেকশোনাল অফিসার) মোসলে উদ্দিন বলেন, সড়কের এক অংশের মেরামতের কাজ শুরু হয়েছে। বাকি অংশের প্রশস্তকরণের কাজ একনেকে অনুমোদন হবার পথে রয়েছে।