পাকুন্দিয়ায় অবৈধ যানবাহনের দাপটে শহরবাসী জিম্মি

অবৈধ যানবাহনের দাপটে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার অভ্যন্তরীণ ও মহাসড়ক এখন মারাত্মক ঝুঁকির সম্মুখীন। শহরবাসী তাদের কাছে জিম্মি হয়ে পড়েছে। অবৈধ যানবাহনের শহরে পরিণত হয়েছে পাকুন্দিয়া। যার দরুন ঘটছে দুর্ঘটনা, বাড়ছে যানজট। উপজেলার সাতটি অভ্যন্তরীণ ও মহাসড়কে প্রায় ৭০টি পিকআপ, ২৫০টি বাস, ১৫শ’ শ্যালো ইঞ্জিনচালিত ভটভটি, পাওয়ার ট্রলি, নসিমন, করিমন চলাচল করে। অপ্রাপ্ত কিশোররা এ পেশায় ঝুঁকছে বেশি। তাছাড়া এসব পরিবহনের চালকদের নেই কোন লাইসেন্স। অবাধে পাকুন্দিয়া উপজেলার বিভিন্ন সড়কে দেদারছে চলছে এসব যানগুলো। নিয়ন্ত্রণহীন ও লাইসেন্সবিহীন এসব পরিবহনের বেপরোয়া চলাচলের দায়িত্ব চলছে নিয়ন্ত্রণহীনভাবে। এই পরিস্থিতিতে আতঙ্কের মধ্যে রয়েছে পথচারিসহ যাত্রী সাধারণ। এক রকম জীবন হাতে নিয়ে সব স্তরের মানুষ নিত্যদিন চলাচল করছে টমটম-করিমন পরিবহনে। সবচেয়ে দুশ্চিন্তা পোহাতে হচ্ছে কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে। চলাচল করতে গিয়ে কখন যে কার ভাগ্যে কি ঘটে কে জানে! কিশোরগঞ্জ টু ঢাকা সড়কটি পাকুন্দিয়া পৌর বাজারের মধ্যস্থল দিয়ে। রাস্তাটি সরু। কিন্তু রাস্তার দু’পাশে এসব টমটম দাঁড় করিয়ে রাখায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। যাত্রীদের পোহাতে হয় সীমাহীন দুর্ভোগ।