‘মানসম্পন্ন বোলার খেলা বদলে দিতে পারে’

ক্রিকেট ইতিহাসের সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান তিনি। বিশ্বকাপেরও প্রায় সব ব্যাটিং রেকর্ড তার দখলে। নিজের অভিজ্ঞতা থেকে এবারের বিশ্বকাপ ও বিশ্বকাপে ভারতীয় দল নিয়ে কথা বলেছেন শচীন টেন্ডুলকার—

n          ব্যাটসম্যানরা এখন ওয়ানডেতে যে গতিতে রান তুলছেন এবং ইংল্যান্ডের উইকেট যেরকম ফ্লাট, তাতে এবারের বিশ্বকাপটা কেমন হতে যাচ্ছে বলে মনে হয়?

৫০ ওভারের খেলায় এখন এতো বেশি রান হওয়ার অনেকগুলো কারণ আছে। প্রথমত উইকেট তো একেবারেই ফ্লাট। আপনি দেখবেন, ইংল্যান্ড ও পাকিস্তানের সর্বশেষ যে গোটা চারেক ম্যাচ হয়েছে, প্রায় সবগুলো ইনিংসে ৩৫০-এর কাছাকাছি রান হয়েছে। এর একটা কারণ দুটো নতুন বল। এখন ৪৬ বা ৪৭তম ওভারেও বল মাত্র ২৩ বা ২৪ ওভারের পুরনো হয়। ফলে বলটা সেই অর্থে পুরনো হয় না, চকচকে ভাব থাকে এবং রিভার্স করে না। আগের আইনে ২৮ ওভারের দিকেই বল রিভার্স করা শুরু করতো। বলের আকার নষ্ট হতো এবং নরম হয়ে যেতো। তখন পুরনো বলে প্রত্যেক বোলারকে এরকম আক্রমণ করাটা কঠিন ছিল।

এখন বলের শক্ত ভাব এবং চকচকে ব্যাপারটা টিকে থাকছে। সাথে ফিল্ডিং রেস্ট্রিকশনের সুবিধা থাকছে। আর এসব ব্যাপারই বোলিং আক্রমণের ওপর দারুণ একটা চাপ তৈরি করছে। তবে আমি বিশ্বাস করি, আপনার হাতে যদি মাঝের ওভারগুলোতে বল করার জন্য মানসম্পন্ন স্পিনার থাকে, তারা তাহলে ওই সময় এসে উইকেট তুলে নেবে। আসলে ব্যাপারটা হলো জুটি বেঁধে বল করতে পারা। আমি মনেকরি মানসম্পন্ন বোলাররা প্রয়োজনের সময় ভালো বল করে ব্যাটসম্যানদের ওপর চাপ তৈরি করতে পারলে এই ব্যাপারটা অন্যরকমও হতে পারে।

n          ভারতের টপ অর্ডার এখন বিশ্বের সেরাদের মধ্যে আছে। কিন্তু আপনি কি মনে করেন, তাদের মিডল অর্ডার ভারতের জন্য বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে?

আমি একটু অন্য দৃষ্টিকোন থেকে দেখতে চাই। ১ নম্বর থেকে ৭ বা ৮ নম্বর পর্যন্ত ব্যাটসম্যানকে রান করতে হবে। হ্যাঁ, কোচ বা ক্যাপ্টেন ভিন্ন ভিন্ন ব্যাটসম্যানকে ভিন্ন ভিন্ন দায়িত্ব দেবেন। প্রত্যেককে তার দায়িত্বটা বুঝতে হবে এবং নিজের সেরা সামর্থ্য অনুযায়ী পারফরম করতে হবে। পারফরম করার প্রশ্ন এলে ৪ নম্বর পর্যন্ত ব্যাটসম্যানের কাছে চাওয়াটা একটু ভিন্ন থাকে। আর ৫ থেকে ৮ নম্বর ব্যাটসম্যানদের কাছে ফিনিশারের ভূমিকা চাওয়া হয়। যাতে তারা শেষ পর্যন্ত থাকে এবং চাপটা শুষে নিতে পারে। আমার মনে হয়, আমরা (ভারত) এ ব্যাপারে খুবই সুসজ্জিত আছি।

n          ভারতের ৪ নম্বরে কে সেরা, এ নিয়ে অনেক বিতর্ক চলছে। এই স্কোয়াডের ১৫ জনের মধ্যে আপনার মতে ৪ নম্বরে কে সেরা?

৪ নম্বর নিয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অনেক কিছু বিবেচনায় নেওয়া হয়েছে। তবে আমি মনেকরি, আপনি যদি মানসম্পন্ন ব্যাটসম্যান হন, আপনাকে যে জায়গাতেই ব্যাট করতে বলা হোক, সেখানেই আপনি নিজের খেলার স্টাইল মানিয়ে নিতে পারবেন। আমার মনেহয়, আমাদের দলে সেই মানসম্পন্ন ব্যাটসম্যানরা আছে। যাদের বললে যে নম্বরেই পাঠানো হোক না কেনো, তারা গিয়ে পারফরম করতে পারবে।

n          রোহিত শর্মা সম্প্রতি বলেছেন, তিনি মনে করেন, এমএস ধোনির চার নম্বরে খেলা উচিত। আপনার কী মনে হয়?

আমার ব্যক্তিগত মত হলো, ধোনির ৫ নম্বরে খেলা উচিত। আমি অবশ্য এখনো জানি না যে, দলের কম্বিনেশনটা কী হবে। তবে আপনি যদি রোহিত ও শিখরকে (ধাওয়ান) ওপেন করা, বিরাট কোহলি ৩ নম্বরে যাবে। চার নম্বরে যেই যাক, ধোনির ৫ নম্বরে থাকা উচিত। এরপর হার্দিক পান্ডিয়ার মতো একজন বিস্ফোরক ব্যাটসম্যান থাকছে। এভাবেই অভিজ্ঞ ব্যাটসম্যানদের যথেষ্ট জায়গা দেওয়া হবে। আর ধোনি এতে শেষ পর্যন্ত খেলাটা টেনে নিয়ে যেতে পারবে। আর শেষ দিকে সে হার্দিকের সাথে বিস্ফোরক ইনিংস খেলতে পারবে।

n আপনার বিচারে এবারের চার সেমিফাইনালিস্ট কারা?

ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার সেমিফাইনালে যাওয়া উচিত। আর চার নম্বর জায়গাটার জন্য নিউজিল্যান্ড ও পাকিস্তানের লড়াই হবে।