নারায়ণগঞ্জে ময়দা মিলে জোড়া খুন
প্রকাশ : ০৬ এপ্রিল ২০১৪, ২২:৫৮
নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ খালঘাট এলাকায় একটি ময়দা কারখানা থেকে দুইজনের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকাল ৮টায় নায়না ফ্লাওয়ার-২ নামের ওই কারখানা থেকে দুইজনের লাশ উদ্ধার করা হয়।
নিহতরা হলো—কারখানার নৈশ প্রহরী আবদুল আজিজ (৫৫)। সে শহরের পাইকপাড়া পানির ট্যাংকি এলাকার মালা বকস এর ছেলে। নিহত অপরজন কারখানার শ্রমিক হোসেন মিয়া (৪০)। তার বাড়ি চাঁদপুরে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মঞ্জুর কাদের জানান, কারখানাতে শনিবার রাতের শিফটে ১২ জন কাজ করেছিল। ডে শিফটের সরদার মনির হোসেনের কাছে ভোর সাড়ে ৪টায় কয়েকজন শ্রমিক ফোন করে জানান, হোসেন মিয়া মারা গেছে। পরে মনির হোসেন বিষয়টি কারখানার মালিক ও পুলিশকে জানায়। সকাল ৮টায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিচতলার অফিস কক্ষ থেকে নৈশ প্রহরী আবদুল আজিজের গলাকাটা লাশ উদ্ধার করে। পরে পুলিশ দ্বিতীয় তলার সিঁড়ি কোটায় হোসেন মিয়ার লাশ দেখতে পায়।
ওসি জানান, ঘটনার পরে তাহের হোসেন নামের এক শ্রমিক পলাতক রয়েছে। অন্য ৯ জনকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাহের হোসেন হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। সে ঘটনার পর পালিয়ে যাওয়ার সময়ে কারখানার গেটে তালা মেরে দেয়। পুলিশ ওই তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে।