সম্ভাবনার বাংলাদেশকে জানতে ও বুঝতে সারা দেশ ঘুরে বেড়াচ্ছি

মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজীনা বলেছেন, বাংলাদেশ এখন আর দরিদ্র দেশ নয়, মধ্যম আয়ের দেশ, সম্ভাবনার দেশ। বাংলাদেশকে জানতে এবং বুঝতে আমি সারা দেশে ঘুরে বেড়াচ্ছি। তিনি বলেন, আমি যখন প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের কাছে পরিচয়পত্র পেশ করি, তখনই আমি বলেছিলাম আমি সারা দেশ ঘুরে বেড়াব, বাংলাদেশকে জানবো। তারই অংশ হিসেবে পাবনায় আসা। এখানকার কৃষকরা খুবই ভালো। আমি আসার সময় একটি বাজারে এত পিঁয়াজ দেখেছি, যা বিম্ময়কর। গতকাল রবিবার পাবনা সার্কিট হাউসে জেলা প্রশাসন ও সিভিল সোসাইটির প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ড্যান মজীনা জানান, সাংবাদিকদের কোন প্রশ্নের উত্তর দিবেন না তিনি এবং রাজনৈতিক বক্তব্য রাখবেন না। এসময় ড্যান মজীনা জানতে চান, পাবনার অর্থনৈতিক উন্নয়নের কথা। কৃষকদের সমস্যা ও সম্ভাবনার কথা। প্রাথমিক শিক্ষাসহ সার্বিক শিক্ষা ব্যবস্থার কথা। গত বছরের ২ নভেম্বর পাবনার বনগ্রামে হিন্দু সমপ্রদায়ের উপর হামলার ঘটনার বিষয়েও পুলিশ সুপারের কাছে জানতে চান। পরে মজীনা স্থানীয় হিন্দু সমপ্রদায়ের সঙ্গে রত্নদ্বীপ রিসোর্টে বৈঠকে মিলিত হন। প্রাচীন ভবন শীতলাই হাউজ ও তারাশ বিল্ডিংসহ কয়েকটি প্রাচীন নিদর্শনও পরিদর্শন করেন তিনি। কাল রংপুরে নারী ও উন্নয়ন মেলা রংপুর প্রতিনিধি জানান, ইউএসএআইডি বাংলাদেশ এবং রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যৌথ আয়োজনে আগামীকাল থেকে তিন দিনব্যাপী নারী ও উন্নয়ন মেলা শুরু হচ্ছে। মেলার উদ্বোধন করবেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম নূর-উন-নবীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত থাকবেন, ইউএসএআইডি বাংলাদেশর মিশন ডিরেক্টর ইয়ানিনা জারুজেলস্কি, আওয়ামী লীগের কেন্দ্রীয় কোষাধ্যক্ষ এইচএন আশিকুর রহমান এমপি, রংপুর সিটি কর্পোরেশনের মেয়র শরফুদ্দিন আহম্মেদ ঝন্টু, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব তারিকুল ইসলাম, রংপুরের বিভাগীয় কমিশনার দিলোয়ার বখ্ত। মেলার সমাপনী দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ড্যান মজীনা।