ডেমু ট্রেন-কার্গো ভ্যানের সংঘর্ষ

গফরগাঁওয়ে অল্পের জন্য রক্ষা পেল শতাধিক যাত্রীর প্রাণ

উপজেলায় ডেমু ট্রেনের সঙ্গে পণ্য বোঝাই কার্গো ভ্যানের সংঘর্ষে ঘটনায় অল্পের জন্য রক্ষা পেয়েছে শতাধিক যাত্রীর প্রাণ।এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ লাইনে প্রায় ৪০ মিনিট ট্রেন চলাচল বন্ধ থাকে। পুলিশ পণ্য বোঝাই কার্গোটি আটক করেছে। গতকাল রবিবার পৌর শহরের চামড়া গুদাম সংলগ্ন রেলওয়ে আওটার পয়েন্টে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা জয়দেবপুরগামী ডেমু এক্সপ্রেস ট্রেনটি সকাল সাড়ে এগারোটার দিকে গফরগাঁও রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাওয়ার পর রেললাইন ঘেঁষে আউটার পয়েন্টের কাছে দাঁড়িয়ে থাকা প্রাণ জুনিয়র জুস কোম্পানির একটি কার্গো ভ্যানের সঙ্গে ধাক্কা লাগে। এসময় ট্রেন থেকে হুড়োহুড়ি করে নামতে গিয়ে অন্তত পাঁচ যাত্রী আহত হয়েছেন। ট্রেনের লোকোমোটিভ মাস্টার (চালক) আব্দুল আজিজ জানান, রেললাইন ঘেঁষে পিক-আপ ভ্যানটি দাঁড়িয়ে থাকতে দেখে ট্রেনের গতি কমিয়ে দেয়ার কারণে ভয়াবহ দুর্ঘটনার কবল থেকে বেঁচে যায় যাত্রীরা। স্টেশন মাস্টার সত্যতা স্বীকার করে জানান, কার্গোটি সড়িয়ে নেওয়ার পর পুনরায় ট্রেনটি ছেড়ে যায়।