চিলমারীতে ব্রহ্মপুত্র নদীর তীরে অষ্টমীর স্নান শুরু আজ

জেলার চিলমারী উপজেলায় ব্রহ্মপুত্র নদীর তীরে আজ সোমবার থেকে শুরু হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের অষ্টমী স্নান। এ উপলক্ষে একদিন আগে থেকেই আসতে শুরু করেছে পুণ্যার্থীরা। আজ সোমবার সকাল ৮টা ১৫ মিনিট ০৫ সেকেন্ড থেকে সকাল ১০টা ০৩ মিনিট পর্যন্ত চলবে পুণ্যস্নান লগ্ন। অষ্টমীর ভোগের সময় বিকাল ৩টা ৪৬ মিনিট ৪৯ সেকেন্ড। স্নান উপলক্ষে চিলমারী উপজেলার রমনা ইউনিয়নে জোড়গাছ ঘাটে প্রায় ১ কিলোমিটার এলাকা জুড়ে শুরু হয়েছে অষ্টমীর মেলা। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের চিলমারী উপজেলা শাখার সাধারণ সম্পাদক ডা. বীরেন্দ্র নাথ সরকার বলেন, ভারত, চীনসহ দেশের বিভিন্ন স্থান থেকে প্রায় ২ লাখ পুণ্যার্থী অষ্টমীর স্নানে অংশ নিবেন। নিরাপত্তার জন্য বাংলাদেশ পুলিশ, র্যাব, আনসার ও ভিডিপির পর্যাপ্ত সদস্য মোতায়েন করাসহ ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে পাহারার ব্যবস্থা করা হয়েছে।