রংপুর মেডিক্যালে ইন্টার্নি চিকিত্সকদের ধর্মঘট

রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্টার্নি চিকিত্সকদের উপর হামলাকারীদের গ্রেফতার এবং শাস্তির দাবিতে গতকাল রবিবার সন্ধ্যা থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছে ইন্টার্নি ডক্টরস এসোসিয়েশন। এসোসিয়েশনের সভাপতি রিজু আহমেদ বিপ্লব জানান, গতকাল দুপুরে মিলন হোস্টেলের ১৫ নং কক্ষে ৩/৪ জন বহিরাগত সন্ত্রাসী প্রবেশ করে ইন্টার্নি চিকিত্সক আবু বক্কর সিদ্দিক ও রেজওয়ানুল হক রিয়াদকে অস্ত্রের মুখে জিম্মি করে ২টি ল্যাপটপ, ২টি মোবাইল ফোন ও নগদ ১৫ হাজার টাকা লুট করে নিয়ে যায়। এ সময় তাদেরকে মারপিটও করা হয়। তিনি আরও বলেন, এর আগে সন্ত্রাসীরা আমার উপরও হামলা চালিয়ে টাকা-পয়সা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে। মেডিক্যাল কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসনকে অভিযোগ করেও কোন লাভ হয়নি। এ ব্যাপারে হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক আবদুস সালামের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এখন পর্যন্ত আমাকে কোন লিখিত অভিযোগ দেয়া হয়নি। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে বিষয়টি শোনার পর পুলিশকে ব্যবস্থা নিতে বলেছি। কোতয়ালী থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতারে ব্যবস্থা নেয়া হচ্ছে।