মোদীর মতো দাঙ্গাবাজ সাম্প্রদায়িক মানুষ ভারতের শত্রু :রাহুল

ভারতে আজ থেকে শুরু হতে যাওয়া লোকসভা নির্বাচন উপলক্ষ্যে আয়োজিত এক সমাবেশে গতকাল কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধী দুর্নীতি এবং সামপ্রদায়িক ইস্যুতে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) ব্যাপক সমালোচনা করেছেন। হরিয়ানায় আয়োজিত সমাবেশে তিনি এই দুটি ইস্যুতে বিজেপি দ্বিমুখী নীতি অবলম্বন করছে বলে অভিযোগ করেন। তিনি বলেন, মোদীর মতো দাঙ্গাবাজ ও সামপ্রদায়িক মানুষ ভারতের শত্রু। খবর পিটিআই’র। রাহুল গান্ধী বলেন, বিএস ইয়াদুরাপ্পা দুর্নীতির অভিযোগে জেল খাটলেও মোদী তাকে দলে নিয়েছেন। তিনি বলেছেন, বিজেপি কেবল সেই সব রাজ্যের দুর্নীতির প্রসঙ্গ তোলে যেগুলোতে ওই দলটির কেউ শাসন ক্ষমতায় নেই। রাহুল বলেন, নরেন্দ্র মোদী কর্ণাটকে গিয়ে দুর্নীতির বিরুদ্ধে বড় বড় কথা বলেন। ছত্তিশগড়ে গিয়ে দুর্নীতির কথা বলেন। অথচ তাদের দলের লোকের দুর্নীতি সম্পর্কে কিছু বলেন না। এভাবে তারা মধ্যপ্রদেশে এবং গুজরাটে গিয়ে দুর্নীতিবিরোধী স্লোগান দেন। অথচ গুজরাটে বিজেপি’র এক মন্ত্রী দুর্নীতির দায়ে জেল খেটেছেন। দুর্নীতির এসব চিত্র বিজেপি’র চোখে পড়ে না। তিনি অভিযোগ করেন, বিজেপি কেবল ধর্মের ভিত্তিতে মানুষকে বিভক্ত করছে। তিনি বলেন, বিজেপি’র এই বিভক্তির নীতি ভারতের ধর্মনিরপেক্ষতাকে বিনষ্ট করছে। আর কংগ্রেস জাত, বর্ণ এবং ধর্মের ভিত্তিতে মানুষকে বিভক্ত না করে একত্র হতে চেষ্টা করে বলে উল্লেখ করেন কংগ্রেসের নির্বাচনী প্রচারণার প্রধানের দায়িত্বে থাকা রাহুল গান্ধী।