তিন পুলিশ প্রকৌশলীসহ নিহত ৫

রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘন্টায় পৃথক সড়ক দুর্ঘটনা ও ট্রেনের ধাক্কায় পুলিশের ৩ সদস্য ও এক প্রকৌশলীসহ ৫ জন নিহত হয়েছেন। শনিবার গভীর রাত থেকে গতকাল রবিবার সকাল সোয়া ৯টার মধ্যে এসব ঘটনা ঘটে। গতকাল ভোরে রাজধানীর কুড়িল বিশ্বরোড রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় নিহত হন প্রকৌশলী প্রদীপ দত্ত (২৬)। কমলাপুর জিআরপি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মজিদ জানান, ভোরে প্রদীপ দত্ত কুড়িল বিশ্বরোড রেল ক্রসিং অতিক্রম করছিলেন। এসময় কমলাপুর থেকে টঙ্গীগামী পারাবাত এক্সপ্রেসের ধাক্কায় তিনি নিহত হন। ময়না তদন্তের জন্য লাশ ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। উল্লেখ্য, গত ২০ মার্চ একই এলাকায় ট্রেনের ধাক্কায় আরটিভির প্রযোজনা সহকারী পলাশ রায় নিহত হন।এদিকে একই দিন সকাল সোয়া ৯টার দিকে সিরাজগঞ্জ জেলা সদর উপজেলায় মুলিবাড়ি রেলক্রসিংয়ে পুলিশের একটি প্রিজনভ্যান উল্টে এক পুলিশ সদস্য ও এক পথচারী নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরো ৫ জন। নিহতরা হলেন পুলিশ সদস্য মনির হোসেন ও পথচারী সূর্য মন্ডল (৬৮)। আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। সিরাজগঞ্জ সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) ফোরকান শিকদার জানান, সকাল সোয়া নয়টার দিকে হাজিরার জন্য গাজীপুর জেলার কাশিমপুর কারাগার থেকে প্রিজন ভ্যানে করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামিকে নিয়ে মনিরসহ কয়েকজন পুলিশ সদস্য সিরাজগঞ্জ জেলা জজ আদালতে যাচ্ছিল। এসময় প্রিজন ভ্যানটি স্থানীয় মুলিবাড়ি রেলক্রসিং এলাকায় পথচারী সূর্য মন্ডলকে বাঁচাতে গিয়ে রাস্তায় উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান। নিহত সূর্য মন্ডলের বাড়ি স্থানীয় মুলাবাড়ি গ্রামে। এছাড়া সকাল সাড়ে ৮টার দিকে নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার লাঙ্গলবন্দ এলাকায় ট্রাক চাপায় নিহত হন পুলিশ কনস্টেবল রোকেয়া আক্তার (২৮)। এঘটনায় চালকসহ ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। জেলা পুলিশের বিশেষ শাখার (এসবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মাঈনুল আহমেদ জানান, সনাতন ধর্মাবলম্বী হিন্দুদের স্নান উত্সব থেকে দায়িত্ব পালন শেষ করে রোকেয়া পুলিশ লাইনে ফিরছিলেন। পথে লাঙ্গলবন্দ বাসস্ট্যান্ড এলাকায় একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মুত্যু হয়। এদিকে শনিবার রাত ১১টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ডে মহাসড়কের দক্ষিণ বাইপাসে বিকল হয়ে পড়া একটি লরি সরাতে গিয়ে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত হয়েছেন পুলিশের এসআই নাসির উদ্দীন (৪৫)। ঘটনার পর লরি ও কাভার্ড ভ্যান আটক করা হলেও দুই চালক পালিয়ে গেছে। এ ব্যাপারে হাইওয়ে পুলিশের কুমিরা ফাঁড়ির সার্জেন্ট জিল্লুর রহীম জানান, বিকল লরি সরাবার সময় দ্রুত গতিতে আসা কাভার্ড ভ্যানটি পেছন থেকে নাসিরকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত নাসির উদ্দিন সীতাকুণ্ড থানায় কর্মরত ছিলেন। তার বাড়ি বাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলায়।