মুসলমানদের সাথে প্রতারণা করছেন সোনিয়া, মুলায়ম
প্রকাশ : ০৬ এপ্রিল ২০১৪, ২৩:১৭
ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদী অভিযোগ করেছেন, সোনিয়া গান্ধী এবং মুলায়েম সিং যাদব মুসলামানদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করছেন এবং ধর্মনিরপেক্ষতার নামে তাদেরকে ভুলপথে পরিচালিত করছেন। তিনি আরো অভিযোগ করেন, তারা মুসলমানদের সঙ্গে প্রতারণা করছেন। গতকাল রবিবার আলীগড়ে এক নির্বাচনী সমাবেশে মোদী এই অভিযোগ করেন। খবর পিটিআই’র।
সামপ্রদায়িক সংঘাতের জন্য সোনিয়া ও মুলায়েমকে দায়ী করে নির্বাচনী জরিপে এগিয়ে থাকা মোদী বলেন, সোনিয়া গান্ধীর সামনেই গত এক বছরে ৭শ দাঙ্গার ঘটনা ঘটেছে এবং উত্তরপ্রদেশে যাদবের সামনে আড়াইশ দাঙ্গার ঘটনা ঘটেছে। মোদী বলেন, সমপ্রতি সোনিয়া গান্ধী দেশের মুসলিম অধ্যুষিত জেলাগুলোর উন্নয়নে ১৫টি প্রকল্পের কথা বলেছেন। এই ১৫টি প্রকল্পই উত্তরপ্রদেশের জন্য। যখন এক সংসদ সদস্য এই প্রকল্পের বাস্তবায়ন সম্পর্কে প্রশ্ন করেন তখন জানা গেল এই প্রকল্পের অধীনে গত এক বছরে এক পয়সাও খরচ করা হয়নি। মুসলমানদের ভুল পথে পরিচালিত করার এটা একটা উদাহরণ মাত্র বলে উল্লেখ করেন মোদী।
সমাবেশে মোদীর অভিযোগ, কংগ্রেস, সমাজবাদী পার্টি (এসপি) এবং বহুজন সমাজ পার্টি (বিএসপি) ধর্মনিরপেক্ষতার গান গায় এবং ভোটের রাজনীতির জন্য মুসলমানদের ব্যবহার করে। তারা কেবল বলে, কাজ করে না। তিনি বলেন, তার শাসনামলে গুজরাটে বিজেপি শাসিত নয় এমন প্রদেশের চেয়ে মুসলমানরা ভাল আছেন।