ত্রিপুরায় নির্বাচনের কারণে আজ আখাউড়া স্থল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

জেলার আখাউড়া স্থল বন্দর দিয়ে আজ সোমবার ভারতের ত্রিপুরা রাজ্যের সাথে সকল প্রকার আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। ভারতের ১৬তম লোকসভা নির্বাচনে ভোট গ্রহণের প্রথম দফায় আজ ত্রিপুরা রাজ্যে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তবে পাসপোর্টধারী যাত্রীরা উভয় দেশে যাতায়াত করতে পারবে বলে ইমিগ্রেশন সূত্রে জানা যায়। আখাউড়া স্থল বন্দর সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. মনির হোসেন বাবুল বলেন, আজ সোমবার ত্রিপুরায় লোকসভা নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এজন্য ত্রিপুরার ব্যবসায়ীরা আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। এদিকে ত্রিপুরায় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।