বঙ্গোপসাগরে স্পিডবোটের ধাক্কায় পর্যটক নিহত গ্রেফতার ১
প্রকাশ : ০৬ এপ্রিল ২০১৪, ২৩:১৮
বঙ্গোপসাগরে গোসল করার সময় স্পিডবোটের ধাক্কায় মো. তাজুল ইসলাম (২৫) নামের এক পর্যটক নিহত হয়েছেন। লাবণী পয়েন্টে গতকাল রবিবার সকালে এ ঘটনা ঘটে। নিহত তাজুল ইসলাম বগুড়ার কাহালু এলাকার নজরুল ইসলামের ছেলে। তিনি ঢাকায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার পাশাপাশি একটি হোটেলে কাজ করতেন। এ ঘটনায় অভিযুক্ত স্পিডবোটের ড্রাইভার জিয়াবুলকে (২৫) গ্রেফতার করে পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, তাজুলসহ ৩ বন্ধু গত শনিবার কক্সবাজারে বেড়াতে এসে হোটেল বিচ হাউসে ওঠেন। তারা গতকাল সকাল ১১টার দিকে বঙ্গোপসাগরে লাবণী পয়েন্ট এলাকায় গোসল করার সময় ফরিদুল আলমের মালিকানাধীন স্পিডবোটের ধাক্কায় তাজুল গুরুতর আহত হন। এ সময় লাইফগার্ড কর্মীরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের ওসি জাকির হোসাইন মাহমুদ বলেন, এ ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে। উল্লেখ্য, গত সপ্তাহেও একই মালিকের স্পিডবোটের ধাক্কায় ৪ পর্যটক গুরুতর আহত হয়। এদিকে কক্সবাজার পর্যটন উন্নয়ন সাংবাদিক পরিষদ এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে স্পিডবোট চলাচল নিষিদ্ধ করার দাবি জানিয়েছে। এক বিবৃতিতে নেতৃবৃন্দ এ ঘটনায় বিচ ম্যানেজমেন্ট কমিটির কর্মকর্তাদের অভিযুক্ত করে তাদের শাস্তি দাবি করেন।