নির্বাচনের পর সরকার আলোচনার অবস্থান থেকে সরে গেছে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেছেন, সরকার ক্ষমতায় বসে এখন স্বপ্ন দেখছে ২০৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে। কিন্তু নির্বাচনের আগে আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছিল ১০ম সংসদ নির্বাচনের পর নির্বাচন বিষয়ে আলোচনা করা হবে। নির্বাচনের পর সরকার তার আগের অবস্থান থেকে সরে আসে। জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে রবিবার ‘জিয়া পরিষদ’ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ও সংগঠনের চেয়ারম্যান কবির মুরাদসহ গ্রেফতারকৃত শীর্ষ রাজনৈতিক নেতৃবৃন্দের মুক্তি দাবিতে এ আলোচনা সভার আয়োজন করা হয়। ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেন, প্রথম দু’দফা উপজেলা নির্বাচনে বিএনপির জনপ্রিয়তা ছিল ৪৪ ভাগ। আর পরের তিন দফা নির্বাচনে এই হার কমে দাঁড়িয়েছে ১৬ ভাগে। বিএনপির জনপ্রিয়তা কমলো কিভাবে? দু’দফা নির্বাচনের পর হঠাত্ করেই আওয়ামী লীগের জনপ্রিয়তা ৩৩ শতাংশ থেকে বেড়ে ৭০ হল কিভাবে? এর জবাব নির্বাচন কমিশনকে দিতে হবে। নির্বাচন কমিশনের উদ্দেশে তিনি বলেন, নির্বাচন কমিশনের আচরণে প্রমাণ হয়েছে আওয়ামী লীগের আমলে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আগামীতে দেশের যেকোনো নির্বাচন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনেই হতে হবে। সংগঠনের সহ-সভাপতি ডা. আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- অধ্যাপক ড. শফিকুল ইসলাম, অধ্যাপক ড. এমতাজ হোসেন প্রমুখ।