যে কোনো পজিশনে প্রস্তুত মার্শ

স্পোর্টস রিপোর্টার

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অস্বীকৃত গা গরমের ম্যাচে স্বচ্ছন্দ জয় পেয়েছে অস্ট্রেলিয়া। স্টিভ স্মিথ ৭৬ রান করে বুঝিয়ে দিয়েছেন, তিনি দারুণ ছন্দে আছেন। অন্যদিকে মিডল অর্ডার নিয়ে ভাবনাটা আরো দূর করেছেন শন মার্শ। তিনি ৫৫ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন। এই ইনিংস খেলার পর বলেছেন, অস্ট্রেলিয়ার প্রয়োজনে তিনি যে কোনো জায়গায় ব্যাট করতে রাজি আছেন।

এক থেকে ছয় নম্বরে ব্যাট করে অভ্যস্ত শন মার্শ বলেছেন, তিনি এখন স্রেফ খেলাটা উপভোগ করে যেতে চান, ‘আমি এটা ভাবতে ভালোবাসি যে, আমি খুব নমনীয়। আমি আমার ক্যারিয়ার জুড়ে এক থেকে ছয় নম্বরে ব্যাট করেছি। আমি এখন আগামী দুটো অনুশীলন ম্যাচ উপভোগ করতে চাই। এই দুটো ম্যাচে যতোটা সম্ভব সময় আমি উইকেটে কাটাতে চাই। তারপর দেখা যাক কী হয়।’ গত বছর ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার ৫-০ জয়ে বড় ভূমিকা রেখেছিলেন শন মার্শ। সেই সিরিজে ৫৭.৬০ গড়ে ২৮৮ রান করে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ স্কোরার ছিলেন তিনি। কিন্তু ডেভিড ওয়ার্নার ও স্টিভ স্মিথ দলে ফেরায় হুমকিতে পড়ে গেছে মার্শের একাদশে জায়গা। এখন উসমান খাজা বা মার্শ যে কোনো একজন একাদশে খেলবেন। মার্শ বলছেন, তিনি যে কোনো পরিস্থিতির জন্য তৈরি আছেন, ‘রান করতে পারলে সেটা সবসময় আত্মবিশ্বাস দেয়। আমি মাঠে কিছু সময় কাটাতে পেরেছি, পায়ের কাজ করতে পেরেছি, এটা ভালো হয়েছে। আমি খেলাটা উপভোগ করেছি। এখন যাই হোক, আমি প্রস্তুত আছি।’