বড় মূলধনী কোম্পানির উপর ভর করে ডিএসই’র সূচক ঊর্ধ্বমুখী
প্রকাশ : ০৭ এপ্রিল ২০১৪, ২০:১৯
বেশিরভাগ কোম্পানির দর পতনের পরও বড় মূলধনী কোম্পানিগুলোর উপর ভর করেই গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে। একইসাথে বেড়েছে লেনদেনের পরিমাণ। আইডিএলসি’র দৈনন্দিন বাজার বিশ্লেষণে বলা হয়েছে, বাজারে বেশিরভাগ কোম্পানির শেয়ার দরে সংশোধন হলেও মধ্য ও বড় মূলধনী কোম্পানিগুলোর দর বেড়েছে। বিনিয়োগকারীরা এ কোম্পানিগুলোতে বিনিয়োগের আস্থা খুঁজছেন বলেই বিনিয়োগ বাড়ছে। এদিকে লাফার্জ সুরমা সিমেন্ট ও হাইডেলবার্গ সিমেন্টের মধ্যে একটি চুক্তির খবরে এ কোম্পানি ঘিরে লেনদেন বেড়েছে।
তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ১৯ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬০৮ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ সূচক ২২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৮২ পয়েন্টে দাঁড়িয়েছে। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছে ৫০৫ কোটি ৪৫ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ৪৪ কোটি ১১ লাখ টাকা বেশি। লেনদেনকৃত ২৮৯টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ৮০টির, কমেছে ১৮৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টি কোম্পানির শেয়ারের।
এদিকে প্রাথমিক গণপ্রস্তাব প্রক্রিয়াশেষে আজ থেকে দেশের উভয় শেয়ারবাজারে মতিন স্পিনিংয়ের লেনদেন শুরু হচ্ছ। এর আগে মতিন স্পিনিংয়ের আইপিওতে ৮৩১ কোটি টাকার আবেদন জমা পড়ে, যা কোম্পানির চাহিদার প্রায় সাড়ে ৬ গুণ। আইপিওর মাধ্যমে মতিন স্পিনিং ৩ কোটি ৪১ লাখ শেয়ার ছেড়ে পুঁজিবাজার থেকে ১২৬ কোটি ১৭ লাখ টাকা সংগ্রহ করে। ফেসভ্যালু ১০ টাকার সঙ্গে ২৭ টাকা প্রিমিয়ামসহ প্রতিটি শেয়ারের নির্দেশক মূল্য ছিল ৩৭ টাকা এবং মার্কেট লট ২০০টি শেয়ারে। সংগৃহীত অর্থে কোম্পানিটি বিদ্যমান প্রকল্পসমূহ সমপ্রসারণ ও আইপিও খরচ বাবদ ব্যয় করবে।