খাদ্য গুদাম নির্মাণে বিশ্বব্যাংকের সাথে ২১ কোটি ডলারের ঋণ চুক্তি
প্রকাশ : ০৭ এপ্রিল ২০১৪, ২০:১৯
খাদ্য শস্য মজুদ করার ক্ষমতা বাড়ানোর লক্ষ্যে দেশে ৮টি শস্য স্টীল সাইলো (গুদাম) নির্মাণে ২১ কোটি ডলারের ঋণ সহয়তা দিচ্ছে বিশ্বব্যাংক। গতকাল অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সম্মেলন কক্ষে সরকার ও বিশ্বব্যাংকের সঙ্গে সংক্রান্ত ঋণ চুক্তি স্বাক্ষর হয়েছে। ইআরডির অতিরিক্তি সচিব আরাস্তু খান ও বিশ্বব্যাংকের ঢাকা কার্যলয়ের ভারপ্রাপ্ত প্রধান প্রতিনিধি ক্রিষ্টিনা কিমস চুক্তিতে সই করেন। ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, নারায়ণগঞ্জ, আশুগঞ্জ, ময়মনসিংহ, সহেশ্বরপাশা (খুলনা) ও মধুপুর এলাকায় এসব সাইলোর নির্মাণ করা হবে। ৮ টি সাইলোর মোট ধারন ক্ষমতা হবে ৫ লাখ ৩৫ হাজার ৫০০ মেট্রিক টন। এর মধ্যে ৬ টি চাল সংরক্ষণে ও ২ গম সংরক্ষণে ব্যবহার করা হবে। খাদ্য মন্ত্রণালয়ের আওতায় খাদ্য অধিদপ্তর ২০২০ সালের মধ্যে প্রকল্পের কাজ শেষ করবে। এছাড়াও দুযোর্গকালীন ও দুর্যোগ পরবর্তী সময়ে বীজ সংরক্ষণ ক্ষমতা নিশ্চিত করার লক্ষ্যে উপকূলীয়, বন্য কবলিত এবং দুর্যোগ প্রবণ এলকার অধিবাসীদের মধ্যে খানা পর্যায়ে ১০০ কেজি ধারণ ক্ষমতা সম্পন্ন ৫ লাখ পরিবারকে সাইলো বিতরণ করা হবে । একই সঙ্গে খাদ্য শস্যের গুণগত, পরিমাণগত এবং পুষ্টিমান বজায় রাখার লক্ষ্যে উপযুক্ত প্রযুক্তি ব্যবহার করা হবে বলে জানান ইআরডির অতিরিক্ত সচিব। বিশ্বব্যাংকের এ ঋণের ওপর শূণ্য দশমিক ৭৫ শতাংশ হারে সার্ভিস চার্জ প্রযোজ্য হবে। এ ঋণ দশ বছরের রেয়াতকালসহ ৪০ বছরে পরিশোধ করতে হবে।