মুক্তির অপেক্ষায় জোনাকির আলো
প্রকাশ : ০৭ এপ্রিল ২০১৪, ২০:৩৪
দীর্ঘদিন পর খালিদ মাহমুদ মিঠুর পরিচালনায় ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘জোনাকির আলো’ মুক্তি পেতে যাচ্ছে। এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন ইমন ও বিদ্যা সিনহা মীম। বিভিন্ন কারণেই ছবিটির মুক্তি নিয়ে দীর্ঘসূত্রিতা সৃষ্টি হয়েছিল। চিত্রনায়ক ইমনের জন্য এই ছবিটি আরও একটি কারণে স্পেশাল। তাহলো, গত প্রায় ২ বছর ধরে তার নতুন নতুন ছবির শুটিংয়ের খবরই শোনা গেছে। এই ছবিটির মাধ্যমে ইমন মুক্তির মিছিলে যোগ দিতে যাচ্ছেন। এ প্রসঙ্গে ইমন বলেন, ‘এই ছবিটি নিয়ে আমি খুবই আশাবাদী। কারণ মিঠু ভাইয়ের মতো গুণী একজন নির্মাতা এটি নির্মাণ করেছেন। আরেকটি বিষয় হচ্ছে ছবিটির গল্প। এত চমত্কার রোমান্টিক গল্পে এর আগে আমি কখনও কাজ করিনি।’ এছাড়া এই ছবির মধ্য দিয়েই দীর্ঘ বিরতির পর গুণী অভিনেত্রী মিতা চৌধুরী চলচ্চিত্রে ফিরে এলেন। মিতা চৌধুরী বলেন, ‘চলচ্চিত্রে কাজের জন্য আমার আগ্রহ সবসময় বেশি থাকে। এছাড়া মিঠুর ক্যামেরার কাজের ভীষণ ভক্ত আমি। নির্মাতা তার পরের ছবিতে আমাকে আরও বড় চরিত্রে নেবেন সেই প্রত্যাশাটুকুই রাখব।’