বাংলাদেশের গ্রুপে অস্ট্রেলিয়া জাপান

এএফসি অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল

বাছাই

 স্পোর্টস রিপোর্টার

বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল বাছাইয়ের গ্রুপ পর্বে আবারও শক্তিশালী অস্ট্রেলিয়া এবং জাপান দলের মুখোমুখি হবে। গ্রুপ পর্বে এই দুই শক্তিশালী দল আগের বারও বাছাইয়ে বাংলাদেশের বিপক্ষে খেলেছিল।

কোচ গোলাম রাব্বানী ছোটনের দল এবারও অস্ট্রেলিয়া ও জাপানকে মোকাবিলা করবে । আগামী সেপ্টেম্বরে থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে ফিফা অনূর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপ ফুটবলে এশিয়ার বাছাই। সেখানে ‘এ’ গ্রুপে বাংলাদেশ খেলবে অস্ট্রেলিয়া, জাপান ও স্বাগতিক থাইল্যান্ডের বিপক্ষে। আরেকটি গ্রুপে উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, চীন ও ভিয়েতনাম। ১৫ থেকে ২৮ সেপ্টেম্বর  থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বের বাছাই।

গতকাল দুপুরে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে এএফসির অফিসে এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বের ড্র অনুষ্ঠিত হয়। গ্রুপ পর্বের বাছাইয়ে ৮ দেশ খেলবে। এখান থেকে ২টি দল ফিফা অনূর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত পর্বে খেলবে।

আগামী বছর ২১ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর ভারতে অনুষ্ঠিত হবে মেয়েদের বিশ্বকাপ। যদিও ভারত আগেই বাছাইয়ে বাদ পড়েছে। তারপরও আয়োজক দেশ হিসেবে ভারত চূড়ান্ত পর্বে খেলবে। ভারতের মতো দল বাছাইয়ে না টিকলেও বাংলাদেশ এশিয়ার সেরা ৮ দেশের একটি।