লাওসের সঙ্গে খেলার পরও থাকবেন জেমি

স্পোর্টস রিপোর্টার

জাতীয় দলের কোচ জেমি ডে’র সঙ্গে এক বছরের জন্য চুক্তি নবায়ন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ২০২০ সালের মে পর্যন্ত দায়িত্বে থাকবেন তিনি। জানা গেছে তার বেতন বাড়ানো হয়েছে।

লাওসের বিপক্ষে দুটি ম্যাচের উপর ব্রিটিশ এই কোচের চুক্তি নির্ভর করছিল, এমন শঙ্কা থাকলেও  এক বছরের চুক্তি হওয়ায় সেই আশঙ্কা নেই। বাফুফের সহ সভাপতি তাবিথ আওয়াল এ ব্যাপারে বলেছেন, কোচ থাকবেন। কারণ সামনে সাফ চ্যাম্পিয়নশিপ, বঙ্গবন্ধু গোল্ডকাপসহ নানা খেলা থাকছে। কোচও ব্যস্ত থাকবেন। তাছাড়া নতুন জাতীয় দল গঠনেও কোচ কাজ করবেন তিনি।

এশিয়ার র্যাংকিংয়ে ৩৪ এর ভেতরে থাকলে বাংলাদেশকে হয়তো লাওসের বিপক্ষে খেলার প্রয়োজন হতো না। দ্বিতীয় ধাপের বাছাইয়ে খেলার সুযোগ পেতো। সে প্রসঙ্গে এই কর্মকর্তা বলেন, ‘লিগ চলবে সেখানে প্লেয়াররা প্রস্তুতির মধ্যেই থাকবে। এটাই ছিল আমাদের প্লান। আমরা ফ্রেন্ডলি ম্যাচের উইনডো কাজে লাগাতে পারলে হয়তো এখন লাওস ম্যাচ খেলতে হতো না। যাই হোক সামনে এগিয়ে যেতে হবে। এটাই আমাদের লক্ষ্য।