জর্ডানের সিরীয় শরণার্থী শিবিরে সংঘর্ষ

উত্তর জর্ডানের একটি সিরীয় শরণার্থী শিবিরের বাসিন্দাদের সঙ্গে সংঘর্ষে অন্তত ২২ পুলিশ আহত হয়েছে বলে দেশটির গণমাধ্যম জানিয়েছে। বিডিনিউজ রবিবার জাতারি ক্যাম্পে পুলিশের গাড়ি চাপায় এক সিরীয় শিশু নিহত হওয়ার পর সংঘর্ষ বাধে বলে বিভিন্ন মহল থেকে জানানো হলেও জর্ডান সরকার তা অস্বীকার করেছে। শরণার্থীরা কয়েকটি তাঁবু ও যানবাহনে আগুন ধরিয়ে দেয় এবং পুলিশের দিকে পাথর ছুঁড়তে থাকে। পরে পুলিশ টিয়ার গ্যাস ছুঁড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। ২০১২ সালের জুলাইয়ে একশ’ পরিবার নিয়ে জাতারি শরণার্থী শিবির চালু হলেও এখন সেখানে এক লাখেরও বেশি মানুষের বসবাস। নিম্নমানের জীবনযাত্রার কারণে এর আগেও ওই শিবিরে একাধিকবার বিক্ষোভের ঘটনা ঘটেছিল।