লৌহজংয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে ডাকাত আতঙ্ক

মাত্র চারদিনের ব্যবধানে মুন্সীগঞ্জের লৌহজংয়ে সংখ্যালঘুদের বাড়িতে ফের ডাকাতি সংঘটিত হয়েছে। এতে স্থানীয় সংখ্যালঘু পরিবারগুলোর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শনিবার রাতে বাংলাদেশ মানবাধিকার কমিশন লৌহজং উপজেলা শাখার নির্বাহী সদস্য ও ড্রিমল্যান্ড মাল্টিপারপাস কো-অপারেটিভের নির্বাহী পরিচালক রবিন ঘোষের নাগের হাট গ্রামের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়। ডাকাতরা ১২ ভরি স্বর্ণালংকার ও নগদ প্রায় চার লাখ টাকা লুটে নেয়। এসময় ডাকাতদের আঘাতে আহত হয়েছে রবিন ঘোষের বড়ভাই গোপাল ঘোষ (৪৭), বাড়ির কেয়ারটেকার খোকন (২৫), মুক্তার হোসেনসহ (৩১) তিনজন। তাদের ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবীন ঘোষ জানান, শনিবার রাত দেড়টার দিকে ২০/২৫ জনের একটি ডাকাত দল তার ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে এ লুটতরাজ করে। মঙ্গলবার রাতে পার্শ্ববর্তী হলদিয়া ইউনিয়নের সাতঘরিয়া গ্রামে সুনিল ঘোষের (গান্দি ঘোষ) বাড়িতে ডাকাতির ঘটনায় ডাকাতরা ২২ ভরি স্বর্ণালংকার ও নগদ প্রায় ৩ রাখ টাকা লুটে নেয়। মাত্র ৪ দিনের মাথায় ফের হিন্দু বাড়িতে ডাকাতি হওয়ায় উপজেলার সংখ্যালঘু পরিবারগুলোর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা ডাকাতের ভয়ে অনেকটা ভীত হয়ে পড়েছে। অনেকেই যুবতী মেয়ে ও গহনা সম্পদ ঢাকায় আত্মীয়-স্বজনদের বাসায় রাখার পরিকল্পনা করছেন।