আদিতমারীতে মুক্তিযোদ্ধাকে হয়রানির অভিযোগ
আদিতমারী (লালমনিরহাট) সংবাদদাতা
প্রকাশ : ০৭ এপ্রিল ২০১৪, ২১:০৯
লালমনিরহাটের আদিতমারী উপজেলার এক মুক্তিযোদ্ধাকে নানা হয়রানির অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগ উঠেছে আরেক মুক্তিযোদ্ধার বিরুদ্ধে।
মুক্তিযোদ্ধা আব্দুর রহিম উপজেলা প্রেসক্লাবে সাংবাদিকদের অভিযোগ করে বলেন, তার নাম মুক্তিযোদ্ধা হিসেবে গ্রেজেটে অন্তর্ভুক্তির পর উপজেলার ভাদাই ইউনিয়নের মুক্তিযোদ্ধা আজিম মিয়া তার নিকট মোটা অংকের টাকাসহ বিভিন্ন উপঢৌকন দাবি করেন। তার দাবি পূরণ না করায় তিনি নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। মুক্তিযোদ্ধা আব্দুর রহিম আরও জানান, উপজেলার ২২ জন মুক্তিযোদ্ধাকে কম্বল দেয়ার কথা বলে সাদা কাগজে স্বাক্ষর নিয়ে তার বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করেছেন। এরপর ঘটনাটি জানাজানি হলে ২২ জনের মধ্যে ১২ জন মুক্তিযোদ্ধা এ ধরনের অভিযোগ দেননি বলে তারা একটি প্রত্যায়নপত্র দেন তার কাছে।
মুক্তিযোদ্ধা আজিম মিয়া তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি (আব্দুর রহিম) একজন ভুয়া মুক্তিযোদ্ধা। এ কারণে তার বিরুদ্ধে সরকারের বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করা হয়েছে।
উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার নুরুল ইসলাম বলেন, কে কোথায় যুদ্ধ করেছে এটা দেখার বিষয় নয়, তার (আব্দুর রহিম) নাম গেজেটভুক্ত হয়েছে বিধায় তিনি মুক্তিযোদ্ধা। তিনি ভুয়া কি না এটা মন্ত্রণালয় দেখবে?