রংপুরে অপহরণের হাত থেকে অল্পের জন্য রক্ষা পেল স্কুলছাত্রী

রংপুরে অপহরণের হাত থেকে অল্পের জন্য রক্ষা পেল দ্বিতীয় শ্রেণীর এক স্কুলছাত্রী। তবে কানের রিং ছিনিয়ে নিয়েছে অপহরণকারী। রবিবার রংপুর সদর উপজেলার পালিচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। জানা গেছে, ঐদিন দুপুরে সদ্যপুস্করণী ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামের ব্যবসায়ী মমিনের কন্যা পালিচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর ছাত্রী মুনাক্কাকে জনৈক বোরকা পরিহিত মহিলা খালা দাবি করে ভাগ্নিকে কানের সমস্যায় চিকিত্সা দেয়ার কথা বলে সঙ্গে করে নিয়ে যায়। এদিকে মুনাক্কার পিতা মমিন অন্যের মুখে ঘটনাটি শুনে বিদ্যালয়ে ছুটে আসেন এবং ঘটনার সত্যতা পান। মেয়ে অপহরণ হয়েছে এই আশংকায় তিনি চারদিকে খোঁজ নেয়া শুরু করেন। পরে খবর আসে ঘটনাস্থল থেকে ৭ কিলোমিটার দূরে দর্শনা নামক স্থানে এক হোটেলে তার সন্ধান পাওয়া গেছে। অপহরণকারী অবস্থা বেগতিক দেখে তার কানে থাকা সোনার তৈরি রিং নিয়ে সটকে পড়ে।