শাবাশ বন্ধু :মোদিকে নেতানিয়াহু

লোকসভা নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পথে থাকায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বুধবার টুইটারে দেওয়া এক পোস্টে এ অভিনন্দন জানান তিনি।

টুইটে মোদিকে উদ্দেশ করে নেতানিয়াহু বলেন, ‘শাবাশ বন্ধু! নির্বাচনের এ ফলের মধ্য দিয়ে বিশ্বের বৃহত্তম গণতন্ত্র তোমার নেতৃত্বে আরো শক্তিশালী হলো। ভারত ও ইসরাইলের মধ্যকার মহান বন্ধুত্বকে আরো মজবুত করে তুলতে আমরা একযোগে কাজ করে যাবো।’

এদিকে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ভারতীয় নির্বাচনের স্বচ্ছতা নিয়ে কোনো সংশয় নেই যুক্তরাষ্ট্রের। দেশটির নির্বাচন ব্যবস্থার সততা ও পরিচ্ছন্নতা সম্পর্কে আমেরিকার আত্মবিশ্বাস রয়েছে। ফলে যারাই জিতুক তাদের সঙ্গে কাজ করতে ওয়াশিংটন আগ্রহী।

বুধবার পররাষ্ট্র দফতরের মুখপাত্র মর্গ্যান অর্টাগুস বলেছেন, অবশ্যই বিজয়ীদের সঙ্গে কাজ করবো আমরা। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বহুবার বলেছেন, আমরা একটি সত্যিকারের কৌশলগত সঙ্গী হিসেবে ভারতকে পেয়েছি।