‘পরমাণু যুদ্ধের ঝুঁকির মধ্যে রয়েছে বিশ্ব’

 

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পরমাণু যুদ্ধ বেধে যাওয়ার  ঝুঁকি এখনই সবচেয়ে বেশি বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক নিরাপত্তা বিশেষজ্ঞ। বিশ্ব নেতাদের ‘অতি জরুরি’ ভিত্তিতে বিষটিকে আরো গুরুত্ব দেওয়া উচিত বলেও মনে করেন তিনি।

জেনেভায় জাতিসংঘের নিরস্ত্রীকরণ গবেষণা প্রতিষ্ঠান (ইউএনআইডিআইআর) এর পরিচালক রেনাটা ডন বলেন, পরমাণু অস্ত্র সমৃদ্ধ সব দেশেই সেগুলো আধুনিকায়নের কাজ চলছে। ওদিকে, চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে কৌশলগত যে প্রতিযোগিতা চলছে, খানিকটা এ কারণেও প্রতিটি দেশে অস্ত্র নিয়ন্ত্রণ আইনে কাঠামোগত পরিবর্তন হচ্ছে। তিনি বলেন, ‘নতুন নতুন যুদ্ধ পরিস্থিতির কারণে যে জরুরি অবস্থা দেখা দিচ্ছে তাতে ঐতিহাসিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তিগুলো দিন দিন নিষ্ক্রিয় হয়ে পড়ছে। একইসঙ্গে বিভিন্ন সশস্ত্র বাহিনী, ব্যক্তিগত বাহিনী এবং নতুন নতুন প্রযুক্তির প্রাদুর্ভাব বাড়তে থাকায় আক্রমণ এবং আত্মরক্ষার মধ্যে তফাত থাকছে না।’ খবর বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের

গত দুই দশক ধরে পরমাণু অস্ত্র নিরস্ত্রীকরণ আলোচনায় অচলাবস্থার সৃষ্টি হয়েছে। যে ১২২টি দেশ পরমাণু অস্ত্র নিষিদ্ধ করার চুক্তিতে স্বাক্ষর করেছিল তাদের কেউ কেউ হতাশ হয়ে চুক্তি থেকে বেরিয়ে গেছে, আবার কেউ কেউ নিজেদের নিরাপত্তা ঝুঁকি বাড়তে পারে আশঙ্কায় বেরিয়ে গেছে বলে জানান তিনি।