ব্যবসার প্রসার ঘটাতে চান সিরাজুল
প্রকাশ : ০৭ এপ্রিল ২০১৪, ২৩:১৪
তরুণ সিরাজুল ইসলাম অদম্য ইচ্ছাশক্তি আর নিজস্ব চিন্তার প্রতিফলন ঘটিয়ে নিজে স্বাবলম্বী হয়েছেন। এখন ব্যবসার প্রসার ঘটাতে চান। স্বপ্ন দেখছেন সামনে এগিয়ে যাওয়ার।
জানালেন, ব্যবসায় নিরলস পরিশ্রম জরুরি। কোন কিছু করতে হবে- এমন দৃঢ়তা থাকলে পেছনে ফিরে তাকাতে হবে না। সিদ্ধান্ত গ্রহণে প্রত্যুত্পন্নমতি সিরাজুল ইসলাম ঢাকায় ছোট্ট পরিসরে ব্যবসা শুরু করেন। তবে তার ব্যবসায়িক জীবনের যাত্রা আরো আগেই। বললেন, ব্যবসায় ঝুঁকি থাকবেই। ঝুঁকি নিতে হবে, তবে অবশ্যই বুদ্ধিমত্তার মাধ্যমে।
ঢাকার উর্দু রোডে গড়ে তুলেছেন ব্যবসা। নারীদের কথা চিন্তা করেই তার ব্যবসা শুরু। ঢাকায় ছিনতাইকারীর ভয়ে স্বর্ণালংকার পরা ছেড়েই দিয়েছেন গৃহিণীরা। সেখানে স্থান করে নিয়েছে ইমিটেশন জুয়েলারি। সিরাজুল ইসলাম তার নাম দিয়েছেন পিংক ওয়ার্ল্ড। শুধু ঢাকায়ই নয়, ঢাকার বাইরেও এখন তার ইমিটেশন জুয়েলারি পণ্যের পাইকারি ব্যবসা রয়েছে।
শুরু করার পর পেছনে তাকাতে হয়নি। নিজস্ব মেধা ও মননে গড়ে তোলা প্রতিষ্ঠানে কাজ করছেন বেশ কয়েকজন কর্মচারী। তারাও খুশি। এই উদ্যোগের ফলে তাদের সংসারও চলে যাচ্ছে। যারা এখানে কাজ করছেন তাদের লেখাপড়াও সামান্য। ফলে, অন্য কোথায় ভাল চাকরি পাবারও সুযোগ নেই। কিন্তু এখানে কাজ করতে পেরে তারা আনন্দিত।
এরা সবাই ব্যস্ত। পহেলা বৈশাখকে কেন্দ্র করে ক্রেতাদের চাহিদামাফিক পণ্য দোকানে সাজানো হয়েছে। আরো কি পণ্য আনা যায়, সেদিকেও লক্ষ্য সবার। এই মৌসুম ভালভাবে ধরতে হবে। কারণ, গত বছরের শেষ ছয়মাসে রাজনৈতিক অস্থিরতায় ব্যবসা খুব খারাপ ছিল। এখন তা পুষিয়ে নেয়ার চেষ্টা তাদের।
সিরাজুল ইসলাম জানালেন, ভবিষ্যতে বেশ কিছু বড় পরিকল্পনা রয়েছে। গোল্ড প্লেটেড অলংকার তৈরির বিশাল বাজার রয়েছে এখানে। মানুষের চাহিদা ও রুচির পরিবর্তন হয়। তাই একেক সময়ে একেক পণ্য সরবরাহ করতে পারলে ক্রেতাদের সন্তুষ্টি পাওয়া যায়। আর ক্রেতা সন্তুষ্ট হলেই ব্যবসার প্রসার ঘটে।