গজারিয়ায় ৯ কেন্দ্রে পুনঃভোট গ্রহণ কাল

গজারিয়া উপজেলার ৯টি কেন্দ্রে আগামীকাল বুধবার পুনঃভোট গ্রহণ হবে। গত ২৩ মার্চ উপজেলা নির্বাচনে সহিংসতায় স্থগিত হওয়া ওই কেন্দ্রগুলোতে ভোট গ্রহণে বিশেষ নিরাপত্তা গ্রহণ করা হয়েছে। ৪৫ কেন্দ্রের মধ্যে ৩৬টি কেন্দ্রের ফলাফলে রেফায়েতউল্লাহ খান তোতা ১০ হাজার ৮শ’ ভোটে এগিয়ে আছেন। কাল অনুষ্ঠিতব্য ৯ কেন্দ্রের ভোট সংখ্যা ২৫ হাজার ২৮০। জেলা রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক মো. সারোয়ার মুর্শেদ চৌধুরী জানান, গত ২৩ মার্চ উপজেলা নির্বাচনের দিন অনিয়মের কারণে স্থগিত হওয়া পোড়াচক বাউশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, গুয়াগাছিয়ার শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বালুয়াকান্দি ডা. আব্দুল গাফ্ফার স্কুল এন্ড কলেজ, আলীপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, পৈক্ষারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়, লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাজিপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, গজারিয়া পাইলট উচ্চ বিদ্যালয় ও বাঘাইয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে কাল ভোট গ্রহণ পুনরায় অনুষ্ঠিত হবে। কুতুবদিয়ার দুই কেন্দ্রে কাল ভোট কক্সবাজার প্রতিনিধি জানান, কুতুবদিয়া উপজেলা নির্বাচনে স্থগিত দুই কেন্দ্রে কাল বুধবার ভোট গ্রহণ হবে। নির্বাচন কমিশন ইতিমধ্যে তাদের সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানান রিটার্নিং অফিসার ও কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল হোসেন। গত ২৩ মার্চ নির্বাচন চলাকালে উত্তর ধুরং ইউনিয়নের তেলিয়াকাটা ও পশ্চিম লেমশীখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে সহিংসতার কারণে ভোটগ্রহণ স্থগিত হয়।