রংপুর মেডিক্যালে ইন্টার্নি চিকিত্সকদের ধর্মঘট অব্যাহত

রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্টার্নি চিকিত্সকের উপর হামলাকারীদের গ্রেফতার এবং শাস্তির দাবিতে রবিবার সন্ধ্যা থেকে ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট অব্যাহত রয়েছে। গতকাল সোমবার সকালে এসোসিয়েশনের পক্ষ থেকে হাসপাতালে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়। দুপুর সাড়ে ১০টা থেকে আড়াইটা পর্যন্ত হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক আব্দুস সালামের কার্যালয় ঘেরাও করে রাখা হয়। এ সময় ভারপ্রাপ্ত পরিচালক তার কার্যালয়ে অবরুদ্ধ হয়ে পড়েন। ঘেরাও কর্মসূচি চলাকালে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- অ্যাসোসিয়েশনের সভাপতি রিজু আহমেদ বিপ্লব, সাধারণ সম্পাদক ডা. কাজী ফায়জুল কাদির পুষ্প, সাংগঠনিক সম্পাদক ডা. জাকারিয়া খান প্রমুখ। রিজু আহমেদ বিপ্লব বলেন, যতোক্ষণ পর্যন্ত আমাদের ৬ দফা দাবি মেনে নেয়া না হবে ততোক্ষণ পর্যন্ত ধর্মঘট অব্যাহত থাকবে। রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে দায়িত্বপালনকারী ইন্টার্নি চিকিত্সকদের ধর্মঘটের ফলে রোগীদের দুর্ভোগ বৃদ্ধি পেয়েছে। কোতয়ালী থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।