এএফপি
মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের প্রধান প্যাট্রিক শনাহান বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইরানের সঙ্গে যুদ্ধ করতে চায় না, বরং যুদ্ধ ঠেকানোর চেষ্টা করছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকের পর তিনি এমন কথা বলেন।
ইরানের কথিত হুমকি মোকাবিলায় সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্রের নেওয়া কঠোর পদক্ষেপের পেছনে শনাহানের ভূমিকা রয়েছে। এসব পদক্ষেপের মধ্যে রয়েছে উপসাগরীয় অঞ্চলে এয়ারক্রাফট ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ মোতায়েন। শনাহান বলেন, ‘আমরা আমেরিকার স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ের বিরুদ্ধে হামলা ঠেকিয়েছি।’ তিনি বলেন, ‘এক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি ইরানের ভুল পদক্ষেপ মোকাবিলাকে। আমরা চাই না পরিস্থিতির অবনতি ঘটুক।’ পম্পেও বলেন, তিনি ও শনাহান ইরানে ১৯৭৯ সালে ইসলামি বিপ্লবের পর তাদের বিগত ৪০ বছরের সন্ত্রাসী তত্পরতার আলোকে তেহরানের কর্মকাণ্ড তুলে ধরেন।
তবে শনাহানের বক্তব্যে ডেমোক্রেট দলের অনেকই সন্তুষ্ট হতে পারেনি। তারা মনে করেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের আগ্রাসনমূলক অবস্থান এবং কূটনীতি পরিহারের ফলে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দল থেকে মনোনয়ন পেতে আগ্রহী সিনেটর বার্নি স্যান্ডার্স বলেন, ‘এ ব্যাপারে আমি অনেক চিন্তিত যে, উদ্দেশ্যমূলকভাবে বা উদ্দেশ্যহীনভাবে আমরা এমন একটি পরিস্থিতি সৃষ্টি করতে পারি, যাতে একটি যুদ্ধও বেঁধে যেতে পারে।’