আমাদের ওপর সরকারের কোন চাপ নেই

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোঃ বদিউজ্জামান বলেছেন, আমরা অত্যন্ত শক্তিশালী এবং সম্পূর্ণ স্বাধীন। আমাদের ওপর সরকারের কোনো চাপ নেই। চাপ আসলে আইন মোতাবেকই কাজ করব। সম্প্রতি সরকারি কর্মকর্তাদের ওপর আইন প্রয়োগের ক্ষেত্রে সমস্যা হতে যাচ্ছিল, সেটা উচ্চ আদালত খারিজ করে দিয়েছে। তিনি গতকাল সোমবার সকালে দেশব্যাপী দুর্নীতি বিরোধী উদ্বুদ্ধকরণ কর্মসূচির অংশ হিসেবে গাজীপুরের জয়দেবপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে শিক্ষার্থীদের সমাবেশে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দুদকের মহাপরিচালক জিয়াউদ্দিন আহমেদ, গাজীপুরের জেলা প্রশাসক মো: নুরুল ইসলাম, পুলিশ সুপার মো: আব্দুল বাতেন ও অতিরিক্ত জেলা প্রশাসক শাহনওয়াজ দিলরুবা খান। প্রতারণা ও জাল জালিয়াতির মামলা কে গ্রহণ করবে এ সংক্রান্ত জটিলতা ও সৃষ্ট ভুল বোঝাবুঝি নিরসনে দুদক আইন সংশোধন প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেছেন দুদক চেয়ারম্যান বদিউজ্জামান। সাবেক ও বর্তমান কিছু এমপি-মন্ত্রীদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির তদন্তের অগ্রগতি প্রসঙ্গে তিনি বলেন, ওই অভিযোগগুলোর কিছু কিছু অনুসন্ধান শেষ হয়েছে। কিছু অসঙ্গতি পাওয়ায় অভিযুক্তদেরকে জবাব দিতে চিঠি দেয়া হয়েছে। তারা জবাব দাখিল করলে তা তদন্ত করে দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক মামলা দায়ের করা হবে। বর্তমানে আলোচিত জাল-জারিয়াতি ও প্রতারণার মামলার ব্যাপারে জানতে চাইলে দুদকের ভূমিকার ব্যাপারে তিনি বলেন, এ নিয়ে একটা ভুল বোঝাবুঝি রয়েছে। পুলিশ প্রতারণার ক্ষেত্রে সবসময়ই মামলা/অভিযোগ নিতে পারে। কিন্তু মামলা নিয়ে দুর্নীতি পেলে তা দুদকে রেফার্ড করতে পারে। এ ক্ষেত্রে আইনের হয়ত কিছুটা ব্যাখ্যা প্রয়োজন পড়বে। ব্যাখ্যাটা হয়ে গেলে ভুল বোঝাবুঝি চলে যাবে। যেখানে সরকারি কর্মকর্তা দুর্নীতিতে জড়িত রয়েছেন, সেখানেই দুদক হস্তক্ষেপ করবে।