মে মাসের প্রথম সপ্তাহে বাকি উপজেলায় ভোট

পাঁচ ধাপে অনুষ্ঠিত ৪৫৮টি উপজেলা নির্বাচনের পর অবশিষ্ট উপজেলাগুলোর নির্বাচন মে মাসের প্রথম সপ্তাহে আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ বলেছেন, এপ্রিলের মাঝামাঝিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমেদ দেশে ফিরলে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। ইসি সচিবালয়ের নিজকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শাহ নেওয়াজ বলেন, ‘আমরা চেষ্টা করব আদালতের নির্দেশে স্থগিত উপজেলাসহ বাকি সকল উপজেলায় একসঙ্গে নির্বাচন করতে। এটা সম্ভব হলে সহিংসতা ঠেকানো যাবে।’ ডিসিসি নির্বাচন প্রসঙ্গে শাহ নেওয়াজ বলেন, ডিসিসি নিয়ে এখনও জটিলতা রয়ে গেছে। নতুন কিছু এলাকা (সুলতানগঞ্জের ৫৫, ৫৬, ৫৭নং ওয়ার্ড) যুক্ত হওয়ায় একটু সময় লাগছে। এ ব্যাপারে স্থানীয় সরকার মন্ত্রণালয় বারবার তাগিদ দিয়েও কোন সুরাহা হয়নি। জেলা পরিষদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, জেলা পরিষদ নির্বাচন আইন অনুযায়ী অনুষ্ঠিত হবে। তবে আইন এখনও চূড়ান্ত হয়নি। ভবিষ্যতে নির্বাচনের সহিংসতা রোধে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের দেয়া রিপোর্ট আমলে নিয়ে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি। শাহ নেওয়াজ জানান, উপজেলা নির্বাচনে ভোটে অনিয়ম করে পার পেয়ে যাওয়াদের গেজেট হওয়ার আগেই ব্যবস্থা নিতে কমিশন বৈঠকে বসবে। সেখানে তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে। চতুর্থ উপজেলা নির্বাচনে ৪৫৮টি উপজেলায় ভোট হয়েছে। সহিংসতা এবং আদালতের নির্দেশে এবং মেয়াদ উত্তীর্ণ না হওয়ায় ২৯টি উপজেলায় ভোট বাকি রয়েছে। ৪৮৭ উপজেলা পরিষদের মধ্যে ৪৫৮টি উপজেলার নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচন বাকি আছে ২৯টি উপজেলা। আদালতের নির্দেশে চাঁদপুরের হাইমচর, সিলেটের ফেঞ্চুগঞ্জ, শেরপুর সদর, সুনামগঞ্জের জগন্নাথপুর, ঠাকুরগাঁও সদরের নির্বাচন বন্ধ আছে। আরো দু’টি উপজেলার মেয়াদোত্তীর্ণ হয়নি। সামনে নির্বাচন উপযোগী ২১টি উপজেলার তফসিল ঘোষণা করা হচ্ছে। এর মধ্যে দ্বিতীয় ধাপে স্থগিত হওয়া নোয়াখালী সদর উপজেলায় ভোটগ্রহণের প্রস্তুতি নিচ্ছে কমিশন। যেসব উপজেলার নির্বাচন হতে পারে রংপুর সদর, কাউনিয়া, গঙ্গাচড়া, পীরগাছা; নাটোরের নলডাঙ্গা, সিরাজগঞ্জের কামারখন্দ, বরগুনার তালতলী, বরিশালের মেহেন্দিগঞ্জ, পটুয়াখালীর রাঙ্গাবালি, রাজবাড়ীর কালুখালী, নারায়ণগঞ্জ সদর ও বন্দর, গাজীপুর সদর, নেত্রকোনার আটপাড়া, শেরপুরের নকলা, টাঙ্গাইলের বাসাইল, মাদারীপুর সদর, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর ও বিজয়নগর, কুমিল্লার আদর্শ সদর ও সদর দক্ষিণ।