বোমা নিক্ষেপ মামলায় ফখরুলের ৬ মাসের জামিন

রমনা থানায় দায়েরকৃত একটি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ছয় মাসের জামিন দিয়েছে হাইকোর্ট। বিচারপতি বোরহানউদ্দিন ও বিচারপতি কেএম কামরুল কাদেরের ডিভিশন বেঞ্চ গতকাল সোমবার এই আদেশ দেন। এই মামলায় জামিন পাওয়ায় মির্জা ফখরুলের কারামুক্তিতে কোন আইনগত বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। এর আগে তিনটি মামলায় মির্জা ফখরুল হাইকোর্ট ও নিন্ম আদালত থেকে জামিন পান। রাজধানীতে অবরোধের মধ্যে গত ৩০ নভেম্বর মালিবাগে বোমা হামলায় বাসের চালক নিহত হয়। এ ঘটনায় রমনা থানায় মামলা দায়ের করে পুলিশ। মামলার এজাহারে ফখরুলের বিরুদ্ধে ওই ঘটনার উস্কানি দেয়ার অভিযোগ আনা হয়েছিল। এ মামলায় নিন্ম আদালত ফখরুলকে জামিন না দেয়ায় তিনি হাইকোর্টে আবেদন করেন। শুনানিতে ফখরুলের পক্ষে ব্যারিস্টার মওদুদ আহমদ, এডভোকেট জয়নুল আবেদিন এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সেলিম শুনানি করেন। শুনানি শেষে আদালত তার অন্তবর্তীকালীন জামিন মঞ্জুর করে।