পশ্চিমবঙ্গে ‘দলবাজ’ পাঁচ এসপি ও এক ডিসিকে বদলির নির্দেশ ইসির
প্রকাশ : ০৭ এপ্রিল ২০১৪, ২৩:২১
ভারতের লোকসভা নির্বাচন সুষ্ঠু করার জন্য পশ্চিমবঙ্গের পাঁচ জেলার পুলিস সুপার (এসপি) এবং এক জেলার জেলাশাসক (ডিসি) বদলির নির্দেশ দিল নির্বাচন কমিশন (ইসি)। মালদা, বীরভূম, বর্ধমান, মুর্শিদাবাদ এবং পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার এই বদলির নির্দেশ পেয়েছেন। কয়েকজন প্রার্থী এদের ‘দলবাজ’ বলে অভিহিত করেছেন। অভিযোগ পেয়ে বদলির নির্দেশ দেয় কমিশন। কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি বলেছেন, তিনি এই নির্দেশ কিছুতেই মানবেন না। এদের বদলি করা অসম্ভব। তৃণমূলকে দুর্বল করতে তাদের বদলির চক্রান্ত হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
এর বাইরে বদলির নির্দেশ দেওয়া হয়েছে উত্তর চব্বিশ পরগনার জেলাশাসককে। পাঁচ জেলার পুলিশ সুপার এবং এক জেলার জেলাশাসককে বদলির সিদ্ধান্তের বিরোধিতা করে জামালপুরের সভায় নির্বাচন কমিশনের বিরুদ্ধে খোলাখুলি সমালোচনা করেন মমতা। তার অভিযোগ, নির্বাচনকমিশন কংগ্রেস, বিজেপি ও সিপিআইএমের দালালে পরিণত হয়েছে। এই বদলি তিনি মানবেন না বলে ঘোষণা দেন।