বাড়ি ভাড়া নিয়ে জাতির সঙ্গে মসকরা করছেন খালেদা জিয়া
প্রকাশ : ০৭ এপ্রিল ২০১৪, ২৩:২২
আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বাড়ি ভাড়া নিয়ে জাতির সঙ্গে মসকারা করছেন। তিনি নিজের বাড়িতে না থেকে অন্যের বাড়িতে বিনা পয়সায় ভাড়া থাকেন। নিজের গুলাশানে ৩৮ কাঠার বাড়ি একটি বিদেশি কোম্পানির কাছে ভাড়া দিয়ে রেখেছেন।
গতকাল সোমবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচার খাজা নিজামুদ্দিন মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত ‘চলমান রাজনীতি’ নিয়ে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। হাছান মাহমুদ বলেন, আজ খালেদা জিয়াকে নিয়ে একটি সংবাদ বেরিয়েছে, তিনি নাকি অর্থের অভাবে বাসা ভাড়া দিতে পারছেন না। তিনি জেনারেল জিয়ার মৃত্যুর পর এরশাদের কাছ থেকে মাত্র ১ টাকায় ৩৮ কাঠার উপর একটি বাড়ি নিয়েছিলেন। সে বাড়ি বিদেশি একটি কোম্পানির কাছে ভাড়া দিয়েছেন। প্রতি মাসে ১০ লক্ষ টাকার বেশি ভাড়া আসে। এতো টাকা কোথায় যায়? তিনি বলে, তিনি (খালেদা) যদি ঘর ভাড়া দিতে না পারেন, তাহলে কীভাবে লক্ষ লক্ষ টাকা খরচ করে নিরাপত্তাবাহিনী পোষেণ। কয়েকটা কোটি টাকার গাড়ি ব্যবহার করেন। তার পুত্র লন্ডনে বিলাসী জীবন যাপন করেন কিভাবে? মূলত তিনি জাতিকে বিভ্রান্ত করার জন্য মসকারা করে এ সংবাদ প্রকাশ করেছেন। তিনি বলেন, ইতিহাস নিয়ে যারা মিথ্যাচার করছে তাদের গ্রেফতার করতে হবে।
সংগঠনের উপদেষ্টা চিত্ত রঞ্জন দাসের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন সংসদ সদস্য শিরিন নাঈম পুনম, আসাদুজ্জামান দূর্জয়, সাম্যবাদী দলের নেতা হারুন চৌধুরী প্রমুখ।