উ দ্ভা ব ন

মুঠোফোন নিয়ন্ত্রিত রোবট

একটি ভবনে আগুন লেগেছে। সেখানে আটকা পড়েছে অনেক লোক। ফায়ার সার্ভিসের গাড়ি ব্যর্থ হয়েছে। ভেতর থেকে ভেসে আসছে মানুষের আহাজারি। উদ্বেগ-উত্কণ্ঠা ছড়িয়ে পড়েছে চারপাশে। কি হবে? এমন পরিস্থিতি হলেই এখন সেখানে ছুটে যাবে মোবাইল কন্ট্রোল সার্ভেয়িং রোবট। দেখাবে ভেতরের সব ভিডিও চিত্র। মেসেজে জানাবে পরিবেশের মাত্রা। পাঁচ তরুণ আবিষ্কার করেছেন এই রোবটটি। তারা সবাই পড়ছেন চট্টগ্রামের ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে। সম্প্রতি বুয়েটে অনুষ্ঠিত ইন্টার ইউনিভার্সিটি প্রজেক্ট কম্পিটিশানের ফাইনালে বিচারকদের নজর কেড়েছেন তারা। পেয়েছেন স্বীকৃতি। বিজয়ী দলের এসব সদস্যরা হলেন, রাগিব নিহাল আরাফাত, মামুন হোসাইন, তারেকুল ইসলাম, মুহাম্মদ উল্লাহ মামুন ও আহসান উল্লাহ। সবাই পড়ছেন ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে। রোবটটি মূলত পরিবেশ নিয়েই কাজ করবে। পারমাণবিক দুর্ঘটনা কবলিত, রাসায়নিক বা বিষাক্ত গ্যাস বিস্ফোরিত এলাকার আবহাওয়ার অবস্থা জানাবে। তাপমাত্রা, আর্দ্রতা, গ্যাস, কার্বন-ডাই-অক্সাইড, বাতাসে গ্যাসের পরিমাণ কতো আছে সব তথ্যই মোবাইল মেসেজের মাধ্যমে জানিয়ে দিবে অপারেটরকে। পাশাপাশি অফিস-আদালত বা যে সব প্রতিষ্ঠানে এলকোহল ধূমপান নিষিদ্ধ সেই সব এলাকার সিকিউরিটি গার্ড হিসাবে তা কাজ করতে পারে। সবচেয়ে মজার বিষয় হল রোবটটি থ্রিজি-এর মাধ্যমে চারপাশের অবস্থার ভিডিও সরাসরি পাঠাতে পারবে। কিভাবে চলবে? প্রশ্ন করলে তরুণরা জানান, কন্ট্রোল করার জন্য পৃথিবীর যে কোন জায়গা থেকে মোবাইলের মাধ্যমে রোবটে থাকা একটি নির্দিষ্ট নাম্বারে ফোন দিতে হবে। এরপর রোবটটি অটো কল রিসিভ করে নিবে। পরে আপনার কমান্ডের জন্য অপেক্ষা করবে। ডায়ালকৃত মোবাইলের কীপ্যাড থেকে ২ প্রেস করলে সামনে, ৮ করলে পেছনে, ৪ করলে ডানে ও ৬ প্রেস করলে রোবটটি বায়ে যাবে। ৩ প্রেস করলে থেমে গিয়ে রোবটটি চারপাশের অবস্থার ডাটা কালেকশন করে অপারেটরকে তাত্ক্ষণিক ভিডিও, মেসেজ বা কলের মাধ্যমে জানিয়ে দিবে। বিশ্ববিদ্যালয়ের ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান বলেন, আমাদের শিক্ষার্থীরা অতীতে অনেক সাফল্য এনেছে। আমরা সৃষ্টিশীল যেকোন কাজে তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করছি। আশা করছি, তারা নিজেরাই একদিন নিজেদের ছাড়িয়ে যাবে।