তোমাদের জন্য লেখা

চন্দনার পাঠশালা শিশু সাহিত্যে বিশেষ করে ছড়া-কবিতায় সিদ্ধহস্ত সুকুমার বড়ুয়ার অদেখা ভুবনের সাতটা গল্পের সংকলনে “চন্দনার পাঠশালা” একখানি গল্পের বই। লেখক তাঁর সহজাত মনীষাপূর্ণ লেখার ছোঁয়ায় শিশু-কিশোরদের মন আচ্ছন্ন রেখেছেন প্রায় ছয় দশক ধরে। তাঁর সহস্রাধিক লেখার প্রান্তে এই গল্পের বইটিই গল্পের জগতের প্রথম প্রয়াশ। বইটিতে প্রবেশ করলেই চোখে পড়ে লেখকের সাতটা গল্পের ভিন্ন ভিন্ন আঙ্গিকে লেখা নানান প্রেক্ষাপট। গাঁয়ের সাদামাটা জীবন আর শহুরে চাকচিক্যের সাদৃশ্য ও বৈসাদৃশ্যে ‘গেঁয়ো ভূত’ নামক গল্পটি। এটিতে লেখক প্রান্ত ও কেন্দ্র দুটি পারস্পরিক ও সাংঘর্ষিক চেতনার অপূর্ব সমন্বয়ে ছোটদের নৈতিক ধারণার যৌক্তিক ইঙ্গিত দিয়েছেন। আরো গল্পের মধ্যে “হাসুর গোলাপ” নামক বইটিতে প্রকৃতির প্রতি অনাবিল আগ্রহে ভরপুর বালকের একটি ফুলগাছ কেন্দ্রিক নানা জল্পনা-কল্পনার কথা রয়েছে। এটিতে শিশুসুলভ পরিকল্পনার অপরিপক্ক ধারণারও প্রভাব লক্ষ্য করা যায়। অন্যান্য গল্পের মধ্যে “পাঁচু কাকা” নামক গল্পে গা ছম ছম করা স্বর্গ-নরকের অভূতপূর্ব দৃশ্যায়ন গল্পটিকে অন্য মাত্রায় নিয়ে যায়। তাছাড়া এ গল্পে প্রৌঢ় পাঁচু কাকার নানান হঠকারিতারও শৈল্পিক সংযোজন রয়েছে। শিশু-কিশোরদের যৌক্তিক ও বৌদ্ধিক জগতে প্রবেশ করানোর রোমাঞ্চকর গল্প “কেরামতের কেরামতি”। এটিতে নিত্য নৈমিত্তিক নানা কাজে কৌশলের বিভিন্ন প্রয়োগ লক্ষ্য করা যায়। গ্রাম বাংলার পুরনো যন্ত্রসংগীত, চরকা, হাট- বাজার, পারিবারিক ঐতিহ্য ফুটে ওঠেছে “মামার বাড়ি” গল্পটিতে। গল্পে লেখকের ছেলেবেলায় হারিয়ে যাওয়া স্মৃতি বেশ মনমুগ্ধকর। বইটিতে আরো গল্পের ভেতর বেশ মজার একটি গল্প “রামুর হারিয়ে যাওয়া”। এটিতে রামুর হারিয়ে যাওয়া নিয়ে নানান মজার কর্মকাণ্ড রয়েছে। ছোট্ট রামুর শিশুসুলভ আচরণ ও কর্মকাণ্ডে তার ভাইবোনের অস্থিরতা ও মায়ের আবেগের চমত্কার স্ফূরণ ঘটেছে পুরো গল্প জুড়ে। বইটির অন্যতম সুন্দর গল্পগুলোর মধ্যে “চন্দনার পাঠশালা” গল্পটি অন্য সব গল্পের মতই সমান আকর্ষণীয়। এতে শহুরে মেয়ের গায়ের পরিবেশে সাবলীলভাবে অভিযোজনক্ষম একটি পাঠশালা কেন্দ্রিক নানান অভিজ্ঞতা ও স্বাপ্নিক চিন্তাচেতনার ধারক এই গল্পটি। এটি শিশু-কিশোরদের পড়ালেখা ও চিন্তার জগেক সমৃদ্ধ করবে। বইটি শিশু-কিশোরদের ভিন্ন ভিন্ন ধারণা দিয়ে জ্ঞানের জগেক বেশ আলোকিত করবে। বইটি তাদের সুস্থ মনের মানুষ হবার দীপ্ত প্রেরণার দাবি রাখে। বইটির চমত্কার প্রচ্ছদ ও অলংকরণ করেন আজিজুর রহমান। প্রকাশিত হয়েছে পঙ্খিরাজ প্রকাশন থেকে। মূল্য: একশত বিশ টাকা। তানিয়া আক্তার