ব্যবসায় নীতি ও প্রয়োগ ভালো করার সহজ উপায়

মো. কবির হোসেন (সুজন) প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ নিকুঞ্জ মডেল কলেজ,ঢাকা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ব্যবসায় নীতি ও প্রয়োগ বিষয়ে A+ পাওয়ার জন্য কিছু করণীয় তোমাদের সামনে উপস্থাপন করা হলো। সৃজনশীলের বদৌলতে উক্ত বিষয়ে আগের গতানুগতিক পদ্ধতির তুলনায় A+ পাওয়া খুবই সহজ। পরীক্ষা হলের মধ্যে করণীয়: প্রশ্নপত্রের দুটি অংশের মধ্যে সৃজনশীল অংশ অতি গুরুত্বপূর্ণ অংশ। এই সৃজনশীল অংশ হাতে পাবার সাথে সাথে তাড়াহুড়া করে লিখা শুরু না করে পুরো প্রশ্নটি মনোযোগ দিয়ে একবার দেখে নিবে এবং মনে মনে উদ্দীপকের গ এবং ঘ নং প্রশ্নের জ্ঞানমূলক উত্তর ঠিক করে নিবে। মনে রাখবে,ক বিভাগ থেকে কমপক্ষে ৩টি এবং খ বিভাগ থেকে কমপক্ষে ২টি সহ মোট ৬টি প্রশ্নের উত্তর দিতে হবে। তাই তোমাদের পছন্দের ৬টি প্রশ্নের জ্ঞানমূলক উত্তর মনে মনে ঠিক করে লিখা শুরু করবে। একটি উত্তর স্থির করে উত্তর লেখে আরেকটি উত্তর স্থির করে লিখলে তোমাদের সময় বেশি লাগবে। আবার গ নং প্রশ্নের উত্তর স্থির করে লিখে ঘ নম্বরের জন্য পুরো উদ্দীপক আবার পড়তে হবে। তাই গ ও ঘ নং প্রশ্ন যেহেতু জ্ঞানমূলক উত্তর দিয়ে শুরু হয় তাই তোমাদের পছন্দের প্রতিটি প্রশ্নের জ্ঞানমূলক উত্তর স্থির করে লিখা শুরু করলে তোমাদের সময় সাশ্রয় হবে। উদ্দীপক হতে উত্তর বের করতে করণীয়: মনে রাখবে প্রতিটি উদ্দীপক কিছু জ্ঞানমূলক প্রশ্ন নির্ভর। মানে জ্ঞানমূলক প্রশ্ন থেকে প্রয়োজনীয় উপাদান নিয়ে একটি ঘটনার আলোকে উদ্দীপক তৈরী করা হয়। পরবর্তীতে উদ্দীপকের গ ও ঘ নং প্রশ্নে ঐ জ্ঞানমূলক উত্তর বের করার জন্য প্রশ্নে চাওয়া হয়। তাই প্রয়োগ ও উচ্চতর দক্ষতা স্তরে উদ্দীপক হতে অবশ্যই জ্ঞানমূলক প্রশ্ন কী তা নিশ্চিত হতে হবে। মনে রাখবে জ্ঞানমূলক উত্তর যে যেভাবেই চিন্তা করুক না কেন উত্তর একই হতে হবে। একেক জনের উত্তর একেক রকম হওয়ার কোন সুযোগ নেই। উচ্চতর দক্ষতা স্তরের প্রশ্নে সরাসরি কোন জ্ঞানমূলক উত্তর চাওয়া না হলেও সেইখানেও ঘটনার আলোকে জ্ঞানমূলক উত্তর সৃষ্টি করে নিতে হয়। যেমন যথার্থতা মূল্যায়ন কর,সাদৃশ্য খুজে বের কর,এটি কী যুক্তিক,উত্তর কী সঠিক। যদি প্রশ্নটির উত্তর যুক্তিক হয় তাহলে এর পিছনে যে কারণটি থাকতে সেটি সংক্ষেপে জ্ঞানমূলক হিসাবে লেখাটাই জ্ঞানমূলক উত্তর। তবে এখানে যাই থাকুক না কেন এর বিপরীতে সরাসরি একটি জ্ঞানমূলক উত্তর আসবে তা তোমাদেরকে খুজে বের করে নিতে হবে। নতুবা স্তরসমূহ সাজানো অপরিপক্ক হবে। উত্তরের ধারাবাহিকতা: উদ্দীপকের ৪টি স্তরের প্রশ্নে আলাদা আলাদা নম্বর বিভাজন করা রয়েছে। এবং আলাদা আলাদা নম্বরও রয়েছে। ৪টি স্তরের প্রত্যেকটিতে আবার পৃথক পৃথক নম্বর বিভাজন রয়েছে। যেমন ক অংশে জ্ঞানমূলক স্তরে ১ নম্বরের জন্য একই প্যারায় উত্তর লিখতে হবে। কোন প্রকার নতুবা, যেহেতু, সেহেতু, অথবা এভাবে উত্তর লেখা যাবে না। খ অংশে অনুধাবন স্তরের প্রশ্নে ২ নম্বরের জন্য জ্ঞান ও অনুধাবন দুটি প্যারা করে লিখতে হবে। একটি জ্ঞানমূলক উত্তর অপরটি এর ব্যাখ্যা বিশ্লেষণ মাত্র। গ অংশে প্রয়োগ স্তরের প্রশ্ন ৩ নম্বরের জন্য জ্ঞান,অনুধাবন ও প্রয়োগ ৩টি প্যারা করে লিখতে হবে। অধ্যায় ভিত্তিক করনীয়: উদ্দীপকের ঘটনা একেক জন একেকভাবে উপস্থাপন করে থাকে। তাই এটি কমন পড়ার সম্ভাবনা একেবারে ক্ষীন। তবে শিক্ষার্থীরা প্রতিটি অধ্যায় পড়ার সময় গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্নসমূহ নিজেরা বের করে নিবে। এই জ্ঞানমূলক প্রশ্নই দৃশ্যকল্পের কেন্দ্রবিন্দু। অধ্যায়ের প্রতি গুরুত্ব: প্রথম পত্রে ব্যবসায়ের প্রকৃতি, অংশীদারী কারবার, কোম্পানি সংগঠন, ব্যবসায়ের অর্থসংস্থান, বাজারজাতকরণ প্রসার, আমদানি ও রপ্তানী, ব্যবস্থাপনার প্রকৃতি, পরিকল্পনা, নির্দেশনা, ও নিয়ন্ত্রণ ইত্যাদি থেকে উদ্দীপক থাকার সম্ভাবনা বেশি। তবে বাকী অধ্যায়গুলোও জ্ঞান ও অনুধাবনের জন্য পড়তে হবে। ২য় পত্রে ব্যাংক ব্যবস্থার প্রাথমিক জ্ঞান, কেন্দ্রীয় ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক, চেক, ব্যাংক তহবিলের ব্যবহার, বৈদেশিক বিনিময়, জীবন বীমা, নৌ-বীমা, অগ্নি বীমা ও বিবিধ বীমা থেকে উদ্দীপক থাকার সম্ভাবনা বেশি রয়েছে। তবে এক বা একাধিক অধ্যায় থেকেও একই উদ্দীপক হতে পারে। তাই উত্তর বের করার সময় ছাত্র ছাত্রীদের সেই বিষয়ের প্রতি নজর রাখতে হবে। নৈব্যক্তির প্রশ্নে করণীয়: এই অংশে তিনটি স্তরের প্রশ্ন হয়ে থাকে। সাধারণ বহুনির্বাচনি, বহুপদি সমাপ্তি সূচক বহুনির্বাচনি এবং অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি। পাঠ্য বইয়ের প্রতিটি অধ্যায় শেষে যে সব বহুনির্বাচনি প্রশ্ন রয়েছে তা ভালো করে পড়ে নিবে। বহুপদি সমাপ্তিসূচক প্রশ্নের প্রতি একটু বেশি নজর দিতে হবে। কারণ এই স্তরে তোমাদের জ্ঞানের দক্ষতা একটু বেশি থাকতে হবে। অভিন্ন তথ্য ভিত্তিক সৃজনশীল অংশের মতই উত্তর বের করতে হবে। তবে নৈর্ব্যক্তিক সকল প্রশ্নের সঠিক উত্তরের জন্য পাঠ্য বই ভালো ভাবে রিডিং পড়তে হবে। মোটকথা উপরিউক্ত যুক্তি সমূহের উপর একটু নজর দিয়ে পড়ার চেষ্টা করলে এই বিষয়ে A+ পাওয়া একেবারেই সহজ। তোমাদের সার্বিক মঙ্গল কামনা করি।