রণবীরকে বিয়ে করতে চান আলিয়া
প্রকাশ : ০৮ এপ্রিল ২০১৪, ১৯:৪৬
এবারের ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে বহু তারকার হাঁড়ির খবর বেরিয়ে এসেছে। সেই ধারাবাহিকতায় এবার এলেন ‘হাইওয়ে’খ্যাত আলিয়া ভাট। সম্প্রতি ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানের শুটিংয়ে অংশগ্রহণ করেন তিনি। অনুষ্ঠানে করণ জোহরের স্বভাবসুলভ প্রশ্নে নিজের পছন্দের পাত্র হিসেবে সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেতা রণবীর কাপুরের নাম বললেন তিনি। আলিয়া বলেন, ‘রণবীরের সঙ্গে আমি প্রথম কথা বলি ‘রকস্টার’ চলচ্চিত্রের সময়। তখন তাকে দেখে আমি অবাক হয়ে গিয়েছিলাম, অনেক বেশি আবেগপ্রবণও হয়ে গিয়েছিলাম। যখন তার সঙ্গে কথা শুরু করলাম, কথা বলতেই থাকলাম। পরে বাসায় গিয়ে ভেবে দেখি যে, আমি তো অনেক কথা বলে ফেলেছি। এত বলা কী ঠিক হয়েছে। যদি আমি বিয়ের জন্য আমার পছন্দের পাত্রের নাম বলি তাহলে সে হবে একমাত্র রণবীর কাপুর। হয়তো তার সঙ্গে বিয়েটা সম্ভব নয়। তবে আমি রণবীরকেই বিয়ে করতে চাই।’