শেষ হচ্ছে ‘নীল রঙের স্বপ্ন’
প্রকাশ : ০৮ এপ্রিল ২০১৪, ১৯:৪৭
জাকারিয়া সৌখিনের রচনা ও কৌশিক শংকর দাসের পরিচালনায় ধারাবাহিক নাটক ‘নীল রঙের স্বপ্ন শেষ হতে চলেছে। ভারতীয় বাংলা সিরিয়ালের এই অস্থির ডামাডোলে নাটকটি দর্শকদের কাছে দারুণ এক জায়গা করে নিয়েছিল। এরপরও দীর্ঘ ধারাবাহিকটি তার নির্মাণশৈলীতেও বেশ আকর্ষণ তৈরি করে।
এনটিভি’তে প্রচারিত রোমান্টিক ধারাবাহিক নাটক ‘নীল রঙের গল্প’-এর শেষ দুই পর্ব দেখানো হবে আজ রাত ৯টা ৪৫ মিনিটে। এই ধারাবাহিকে অভিনয় করেছেন মিলন, নাদিয়া, তিশা, নিশো, জেনী, নিলয় প্রমুখ। ‘নীল রঙের স্বপ্ন’ নাটকটি প্রসঙ্গে অভিনেতা আনিসুর রহমান মিলন বলেন, ‘আমার প্রিয় একটি নাটক ছিল এটি। আমি সিনেমায় ব্যস্ত এটা ঠিক। তবে এ ধরনের মানসম্পন্ন এবং ভালো গল্পের নাটক হলে শিডিউল মিলিয়ে অবশ্যই কাজ করে যেতে চাই। সিনেমায় ব্যস্ত বলে নাটক একেবারেই করব না এটা বলিনি।’