সাব্বিরের সুরে গাইলেন বাপ্পা মজুমদার
প্রকাশ : ০৮ এপ্রিল ২০১৪, ১৯:৪৮
ক্লোজআপ ওয়ানের সাব্বির যেকোনো অনুষ্ঠান বা আয়োজনে বাপ্পা মজুমদারের জনপ্রিয় গান ‘আজ তোমার মন খারাপ মেয়ে’ গেয়ে ওঠেন। নিজের ভালোলাগা শিল্পীর গান গাইতেই অনুজ প্রতিমেরা মুখিয়ে থাকেন। সেই অনুরাগ থেকেই সাব্বির তার ক্যারিয়ারের যেন নতুন এক স্বপ্ন পূরণ করলেন। প্রথমবারের মতো সাব্বির তার প্রিয় শিল্পী বাপ্পা মজুমদারের জন্য গান তৈরি করলেন। নিজের কম্পোজিশনে বাপ্পা মজুমদারকে দিয়ে এই গান তৈরি প্রসঙ্গে সাব্বির বলেন, ‘এটা আমার কাছে একটা স্বপ্ন পূরণের মতো ব্যাপার। অনেকদিন ধরেই ইচ্ছে ছিল। তার কথা মনে করে বেশ কিছু ট্র্যাক তৈরি করে রেখেছিলাম। অবশেষে এই গানটি তৈরি হলো।’ রবিউল ইসলাম জীবনের লেখা এই গানটিতে বাপ্পা মজুমদারের সাথে গেয়েছেন আরেক ক্লোজআপ তারকা রন্টি দাস। গানের কথাগুলো এমন—‘পারব নাতো তোমার সাথে খেলতে লুকোচুরি/পারব নাতো আশপাশে করতে ঘুরাঘুরি/ভালোবাসি এই তোমাকে বলছি সরাসরি, বলছি সরাসরি’। রন্টির দ্বিতীয় একক ‘দর্পণ’-এ গানটি শ্রোতাদের জন্য রিলিজ হবে।