খরস্রোতা চিত্রা নদী এখন মরা খাল
চিতলমারী (বাগেরহাট) সংবাদদাতা
প্রকাশ : ০৮ এপ্রিল ২০১৪, ২১:৪১
বাগেরহাটের চিতলমারীর এক সময়ের খরস্রোতা চিত্রা নদী এখন মরা খালে পরিণত হয়েছে। কালের বিবর্তন, প্রাকৃতিক কারণে, মানুষের যাতায়াতের সুবিধার জন্য কালভার্ট নির্মাণ ও দখলদারিত্বের কারণে চিত্রা এখন মৃত খাল।
যে চিত্রা নদীর পানি এক সময় অত্র এলাকার জনসাধারণের জীবন বাঁচিয়ে রাখত। সেই পানি এখন খাবার তো দূরের কথা, ব্যবহারেরই অযোগ্য হয়ে পড়েছে। পানি পচা গন্ধ ছড়াচ্ছে চারিদিকে। চিত্রাতে বর্তমানে জোয়ার-ভাটা না হওয়ায় কচুরিপানা জমে পানি দিন দিন আরো দূষিত হচ্ছে। বাড়ছে পানিবাহিত বিভিন্ন ধরনের রোগ। দিনে দিনে এই পানির গন্ধ অসহনীয় হয়ে উঠছে।
এই চিত্রা ছিল অত্র এলাকার সাথে বিভিন্ন স্থানে যোগাযোগের একমাত্র ব্যবস্থা। কিন্তু এখন সেই চিত্রা দিয়ে কোন নৌযান চলে না। কারণ চিত্রার পাড়ে বাসিন্দারা তাদের বসতবাড়ির জায়গা দিনে দিনে ঠেলে দিয়েছে চিত্রার দিকে। তাদের বাড়ির জায়গা হয়েছে বড় আর চিত্রা হয়েছে ছোট।