বেদখলে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মাদ্রাসার সম্পত্তি

দখলবাজদের কবল থেকে রক্ষা পেল না মংলায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মাদ্রাসার জমিও। ২০০০ সালে ইসলামী উন্নয়ন ব্যাংকের আর্থিক সহায়তায় মংলার জয়বাংলা এলাকায় উত্তর মালগাজীতে শেখ ফজিলাতুন্নেছা মহিলা দাখিল মাদ্রাসাটির প্রথম ভবন স্থপিত হয়। ওই বছর ১০ ফেব্রুয়ারি ৩৯ শতক জমির ওপর মাদ্রাসার নামফলক উম্মোচন করেন সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী তালুকদার আব্দুল খালেক। প্রতিবছর এ ফজিলাতুন্নেছা মাদ্রাসাটির ফলাফলও বেশ প্রশংসিত হয়ে আসছে। মাদ্রসাটির সুনামের এ ধরা অক্ষুণ্ন রাখতে কর্তৃপক্ষ যখন তত্পর তখন একই এলাকার কথিত ভূমিদস্যু আজমল, রশিদসহ লতিফ, বাহাদুর মনির গ্রুপটি এ মাদ্রাসার নামের জমি দখল করতে মরিয়া হয়ে ওঠে। এ চক্রটি বিভিন্ন ভুয়া কাগজপত্র তৈরি করে ওই জমিতে আস্তানা গেড়ে বসবাস শুরু করে। এতে মাদ্রাসা কর্তৃপক্ষ বাধা দিলে তাদের নামে নানা ধরনের মিথ্যে মামলা দিয়ে হয়রানি করে ওই মহলটি। তাই শিক্ষক ও অভিভাবক থেকে শুরু করে কেউ এ নিয়ে মুখ খোলার সাহস পায় না। স্থানীয় মসজিদ কমিটির সভাপতি গোলাম সরোয়ার জানান, তাদের প্রতিষ্ঠানের নামের প্রায় ২ বিঘা জমি দুষ্কৃতকারী ওই মহলটি বিভিন্ন কায়দায় দখল করে নিয়েছে ।