পৃথক ঘটনায় পাঁচ খুন
প্রকাশ : ০৮ এপ্রিল ২০১৪, ২১:৪২
দেশের বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় গত দুইদিনে পাঁচজন খুন হয়েছেন।—খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের।
সরাইলে স্বামীর হাতে স্ত্রী খুন
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ভাটেরা গ্রামে গত সোমবার অনিতা রানী সরকার কনক (২২) নামে এক গৃহবধূকে খুন করেছে তার স্বামী লিটন সরকার। পুলিশ, গ্রামবাসী ও অনিতার পারিবারিক সূত্র জানায়, অনিতার সাথে লিটনের বিয়ে হয় সাত বছর আগে। লিটনের ছিল অভাবের সংসার। অনিতা প্রায়ই বাবার বাড়ি থেকে টাকা এনে সংসারের খরচ চালাত। এ নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হত। ঘটনার দিন ঝগড়ার এক পর্যায়ে স্বামীর নির্যাতনে স্ত্রী অনিতা মারা যান। পরে অনিতার স্বামী, শ্বশুর, শাশুড়িসহ বাড়ির সকলেই বাড়ি ছেড়ে পালিয়ে যান। স্থানীয় এক ব্যক্তি অনিতার পরিবারকে বিষয়টি জানান। বাবা-মাসহ অনিতার স্বজনরা ভাটেরা গ্রামে ছুটে আসেন। মেয়ের লাশ দেখে তারা হতবিহবল হয়ে পড়েন। তারা বিষয়টি পুলিশকে জানান। অনিতার বাবা নকুল চন্দ্র সরকার বলেন, আমার মেয়েকে লিটন ও তার পরিবারের সকলে মিলে হত্যা করেছে। বিয়ের সময় এক ভরি স্বর্ণ, নগদ ২৫ হাজার টাকা ও একটি টেলিভিশন দিয়েছিলাম। বিয়ের পর থেকেই টাকার জন্য আমার মেয়েকে শারীরিক নির্যাতন করতো।
রংপুরে কিশোরকে পিটিয়ে হত্যা
রংপুর নগরীর রবার্টসনগঞ্জ কুঠিরপাড়ায় যৌন হয়রানির অভিযোগে সোহেল (১৫) নামে এক কিশোরকে পিটিয়ে হত্যা করেছে মেয়ে পক্ষের লোকজন। পুলিশ ও এলাকাবাসী জানায়, নগরীর রবার্টসনগঞ্জ পাটবাড়ী এলাকায় গত ৩০ মার্চ কুটিরপাড়া এলাকার মকবুল দেওয়ানীর পুত্র সোহেল ও তার ২ বন্ধু নুরপুরের রনি ও বাবু মিলে রেল লাইনের ধারে দাঁড়িয়ে ট্রেন দেখছিল। এমন সময় ডেমু ট্রেন যাওয়া দেখে তারা বলাবলি করছিল ট্রেনটি সুন্দর। তখন পাশে দাঁড়িয়ে থাকা ওই এলাকার হেলালের কন্যা মনে করে তাকেই উদ্দেশ্য করে টিচ করা হয়েছে। তাই সে দৌড়ে গিয়ে কিশোরদের শার্টের কলার ধরে চিত্কার দেয়। তার চিত্কারে লোকজন এগিয়ে আসলে ভয়ে রনি ও বাবু দৌড়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজন সোহেলকে আটক করে মারধর করে। সোহেল গুরুতর আহত হলে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় গত সোমবার রাতে সে মারা যায়। নিহত কিশোরের পিতা মকবুল দেওয়ানী জানান, আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
হালুয়াঘাটে একজন খুন
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা রামনাথপুর গ্রামে জমির আইল কাটা নিয়ে প্রতিপক্ষের আঘাতে আবুবক্কর সিদ্দিককে (৫৫) নামে এক ব্যক্তি গুরুতর আহত হন। প্রথমে তাকে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। এ ঘটনার সাথে জড়িত দুই সহোদর খালেক আকন্দ ও মান্নান আকন্দকে পুলিশ আটক করেছে। এ বিষয়ে হালুয়াঘাট থানায় সোহেল বাদি হয়ে হত্যা মামলা করেন।
চাঁপাইনবাবগঞ্জে লাশ উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার হরিপুর থেকে গত সোমবার সকালে শফিকুল ইসলাম নামে এক আম ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, আর্থিক দ্বন্দ্বের জের ধরেই তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
গাজীপুরে যুবকের লাশ উদ্ধার
গাজীপুর সদর উপজেলার মেম্বারবাড়ী বাজার এলাকা থেকে গত সোমবার সকালে অজ্ঞাত পরিচয় (২৮) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, তার মাথা, পা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশের ধারণা, দুর্বৃত্তরা যুবককে অন্য কোথাও হত্যা করে মহাসড়কের ওপর ফেলে গেছে। তার পরনে হাফ হাতা শার্ট ও লুঙ্গি ছিল।