ঘুষের টাকা জোগাড় করতে না পেরে আত্মহত্যা

পটিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা চট্টগ্রাম উপজেলার হাইদগাঁও এলাকায় পরিবার পরিকল্পনা বিভাগের নৈশপ্রহরী আবদুল ছালাম (৩৭) ঘুষের টাকা জোগাড় করতে না পেরে গত সোমবার রাতে বিষপানে আত্মহত্যা করে। সে উপজেলার হাইদগাঁও গ্রামের মৃত নূরুন নবীর পুত্র। সে পরিবার পরিকল্পনা বিভাগের শোভদন্ডী ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের নৈশপ্রহরী থাকাকালে ২০০০ সালে চেক চুরির মামলায় চাকরি থেকে বরখাস্ত হয়। গত জুলাই মাসে সে মামলা থেকে নিরপরাধ হিসেবে খালাস পায়। গত ২৯ মার্চ তার চাকরি পূর্ণ বহালের জন্য পটিয়া উপজেলার পরিবার পরিকল্পনা বিভাগের মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষর নিকট আবেদন করে। সে চাকরি পুনর্বহালের জন্য ঘুষের টাকা জোগাড় করা নিয়ে পারিবারিক কলহে বিষ পান করে।